উত্তরাখণ্ডে পাহাড়ে ঘুরতে গিয়ে ৫ পর্যটকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাখণ্ডের স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স গতকাল শুক্রবার ছিটকুল এলাকা থেকে ১১ জন পর্যটককে উদ্ধার করে। উত্তরাখণ্ড, ২২ অক্টোবর।
ছবি: এএনআই

দুর্গা পূজার ছুটিতে হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে মারা গেছেন পশ্চিমবঙ্গের পাঁচ পর্যটক। গত বৃহস্পতিবার তাদের মরদেহ উদ্ধার হলেও শুক্রবার পর্যন্ত পরিচয় জানতে পারেনি উত্তরাখণ্ড রাজ্যের প্রশাসন।

গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের হরশিল থেকে ছিটকুলের উদ্দেশে যাত্রা করেছিলেন ১১ জন পর্যটকের একটি দল। কিন্তু ১৭ অক্টোবর আবহাওয়া খারাপ হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এসডিআরএফের ডিআইজি ঋধিম আগরওয়াল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃতদের নাম পরিচয় কিছুই জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

আবহাওয়া খারাপ থাকায় দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। এ ঘটনার পরে উত্তরাখণ্ড রাজ্যের প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এ ছাড়া দিল্লিতে অবস্থিতি পশ্চিমবঙ্গের আবাসিক কমিশনারের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

উত্তর কাশির জেলা শাসক জানিয়েছেন,উত্তরাখণ্ডের কৌশানির নিকটবর্তী ভাওয়ালী থানা-পুলিশ ক্ষতিগ্রস্ত রাস্তা পরিষ্কার করে পর্যটকদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। খারাপ আবহাওয়ার কবলে পড়ে আরও একটি পর্যটক দলের ১০ জন সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

উত্তরাখন্ডের লামখাগা পাস, মাওয়ালী পাস, বালিপাস, কালিন্দী খালসহ বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গের অনেক পর্যটক ট্রেকিং করতে যান। তাদের অধিকাংশই উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ি এলাকায় আটকা পড়েছে। পশ্চিমবঙ্গ প্রশাসন সূত্র বলেছে, এখনো ওই রাজ্যে আটকা রয়েছেন প্রায় ১৫০ জন পর্যটক।