উত্তরাখন্ডে ফের কংগ্রেস শাসন, বড় ধাক্কা বিজেপির
আস্থা ভোটে জিতে ভারতের উত্তরাখন্ড রাজ্যে শাসনক্ষমতা ফের ফিরে পেল কংগ্রেস। মুখ্যমন্ত্রিত্ব ফিরে পেলেন হরিশ রাওয়াত, যাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ৯ কংগ্রেসি বিধায়ক বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন।
আদালতের নির্দেশে গত মঙ্গলবার আস্থা ভোটে জয়ী হওয়ার পর গতকাল বুধবার সুপ্রিম কোর্ট হরিশকে জয়ী ঘোষণা করেন। অ্যাটর্নি জেনারেলও সর্বোচ্চ আদালতকে জানান, উত্তরাখন্ড থেকে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হচ্ছে।
বিজেপির কাছে এটা এক বিরাট ধাক্কা। অরুণাচলে কংগ্রেস সরকার ভেঙে দেওয়ার পর উত্তরাখন্ডকেও বিজেপি কংগ্রেসমুক্ত করতে চেয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার যে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ি এর বিরোধিতা করেছিলেন। কিন্তু অরুণ জেটলি ও সংসদীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর চাপেই রাষ্ট্রপতির শাসন জারি হয়।
আস্থা ভোটের পর মঙ্গলবার থেকেই উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে কংগ্রেস বিজয় উৎসব পালন শুরু করে। গতকাল সিল করা খাম খুলে আদালত জানান, ৭০ সদস্যের বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৩৩ ভোট। আদালতের নির্দেশে বিক্ষুব্ধ ৯ কংগ্রেসি ভোটাধিকার হারানোর ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ছিল ৩১ সদস্যের সমর্থন। কংগ্রেসের ২৭ জনের সঙ্গে যোগ দিয়ে মায়াবতীর দল বিএসপির ২ এবং স্বতন্ত্র ৪ সদস্য ভোট দেন পক্ষে। ক্ষমতা ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী টুইট করে বলেন, ‘আশা করি মোদিজি শিক্ষা পেয়েছেন। এ দেশের জনতা ও এ দেশের নেতাদের সৃষ্ট গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কখনো গণতন্ত্রের হত্যাকে মেনে নেবে না।’
বিজেপির অন্যতম মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেছেন, এটা দুর্নীতির জয়। কংগ্রেস টাকা ছড়িয়ে সমর্থন কিনেছে।
বিজেপির মুখপাত্র রাষ্ট্রপতির শাসন জারির পক্ষে মত দিলেও রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। ১৯৯৮ সালে বিজেপি শাসনের সময় বিহারে রাষ্ট্রপতির শাসন জারির প্রস্তাব পাঠানো হলে তৎকালীন রাষ্ট্রপতি কে আর নারায়ণন সেই প্রস্তাব পুনর্বিবেচনার জন্য কেন্দ্রের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। সংবিধান অনুযায়ী দ্বিতীয়বার রাষ্ট্রপতির কাছে কোনো বিল কেন্দ্রীয় মন্ত্রিসভা পরিবর্তিত আকারে অথবা অপরিবর্তিতভাবে পাঠালে রাষ্ট্রপতি তাতে সই দিতে বাধ্য। উত্তরাখন্ডের ক্ষেত্রে প্রণব মুখার্জি বিনা প্রশ্নে কেন সম্মতি দিলেন, কংগ্রেস মহলেই তা নিয়ে বিস্ময়।