উত্তরাখন্ডের রাজনীতিতে নতুন মোড়
নতুন মোড় নিয়েছে ভারতের উত্তরাখন্ড রাজ্যের রাজনীতি। কংগ্রেসের আবেদনে সাড়া দিয়ে নৈনিতাল হাইকোর্ট আজ মঙ্গলবার রায় দিয়েছেন, আগামী বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে হরিশ রাওয়াতকে আস্থা ভোট নিতে হবে। বিধানসভার স্পিকার দলত্যাগ রোধ আইন অনুযায়ী যে নয়জন কংগ্রেস নেতার সদস্যপদ খারিজ করে দিয়েছিলেন, ভোটদানের অধিকার থাকবে তাঁদেরও।
তবে ওই সদস্যদের রায় আলাদাভাবে রাখতে হবে। আস্থা ভোটের ফল স্পিকার অবশ্য ঘোষণা করতে পারবেন না। তা সিল করা খামে হাইকোর্টের কাছে জমা দিতে হবে।
হাইকোর্টের এই রায়ে খুশি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত যে ‘অগণতান্ত্রিক’ ছিল, এই রায় তার প্রমাণ। এরই পাশাপাশি সুপ্রিম কোর্টও মঙ্গলবার জানান, আগামী সপ্তাহে তাঁরা এই সংক্রান্ত জনস্বার্থ মামলাটি শুনবেন।
উত্তরাখন্ড বিধানসভার সংকট শুরু চলতি মাসের ১৮ তারিখে। সেদিন রাজ্য বাজেট কণ্ঠভোটে পাস হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি দাবি জানায়, কংগ্রেসের নয়জন বিক্ষুব্ধ সদস্য তাঁদের পক্ষে থাকায় বাজেট পাস অবৈধ। তাদের দাবি, মুখ্যমন্ত্রী গরিষ্ঠতা হারিয়েছেন। স্পিকার গোবিন্দ সিং কুঞ্জওয়াল দলত্যাগ রোধ আইন অনুযায়ী ওই নয়জনের সদস্যপদ খারিজ করে দেন। এই অবস্থায় রাজ্যপাল কে কে পল সোমবার আস্থা ভোটের নির্দেশ দেন। কিন্তু তার আগেই রোববার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাজ্যে বিধানসভা জিইয়ে রেখে রাষ্ট্রপতির শাসন জারি করেন। এরই প্রতিবাদে কংগ্রেস রাজ্যের নৈনিতাল হাইকোর্টে মামলা করে।
হাইকোর্টের রায় নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের কাছে একটা ধাক্কা। তা ছাড়া এই রায় রাষ্ট্রপতির সিদ্ধান্তকেও প্রশ্নবিদ্ধ করছে। দুদিন আগে কংগ্রেসের সাবেক আইনমন্ত্রী বীরাপ্পা মইলি রাষ্ট্রপতির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কেন্দ্রীয় সরকারের ‘অগণতান্ত্রিক’ সিদ্ধান্তের প্রতিবাদ জানান ও গণতন্ত্র রক্ষার আবেদন জানান।
পার্লামেন্টের কক্ষে স্পিকারের নেওয়া কোনো সিদ্ধান্তই আদালতের বিচারাধীন হতে পারে না। সেই নিরিখে নয়জন বিধায়কের সদস্যপদ খারিজও আদালতের বিবেচনাধীন নয়। তবু আদালত ওই সদস্যদের ভোট আলাদা রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারও ওই সদস্যরা সরকারের হুইপ অমান্য করে আস্থা ভোটের বিরুদ্ধে রায় দিলে তাঁদের সদস্যপদ খারিজ হওয়ার যুক্তি অস্বীকার করা যায় না। সে ক্ষেত্রে হরিশ রাওয়াত স্বতন্ত্র সদস্যদের সমর্থন পেলে ফের মুখ্যমন্ত্রিত্ব ফিরে পেতে পারেন। তবে এটুকু নিশ্চিতভাবেই বলা যায়, বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াচ্ছে।