উত্তর-পূর্ব ভারত কংগ্রেসশূন্য করতে মরিয়া বিজেপি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যেই কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চাইছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পাঁচটি রাজ্য এরই মধ্যে বিজেপির নিয়ন্ত্রণে চলে এসেছে। দলটির লক্ষ্য এখন সিপিএম-শাসিত ত্রিপুরা এবং বাকি দুই কংগ্রেস-শাসিত রাজ্য মিজোরাম ও মেঘালয়। মেঘালয় ও ত্রিপুরায় আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন। আর মিজোরামের নির্বাচন একই বছরের শেষ দিকে।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে সিকিম দীর্ঘদিন ধরেই আঞ্চলিক দলের শাসনাধীন। নাগাল্যান্ডেও বিজেপির সমর্থনে ক্ষমতায় আঞ্চলিক দল। এ দুই রাজ্যের আঞ্চলিক দল নিয়ে বিজেপির তেমন মাথাব্যথা নেই। কারণ তারা এনডিএর নেতৃত্বাধীন এনইডিএ জোটে রয়েছে। আর বিজেপিই এনডিএ জোটের নেতৃত্বে।
নরেন্দ্র মোদি দিল্লির মসনদে বসার সময়ও উত্তর-পূর্ব ভারতে ত্রিপুরা বাদে বাকি পাঁচটি রাজ্যে কংগ্রেসের সরকার ছিল। প্রধানমন্ত্রীর তখতে বসেই অমিত শাহকে দলের সভাপতি করে এই অঞ্চলের রাজনৈতিক চেহারা বদলে দিয়েছেন মোদি। দলবদল ম্যাজিকে অরুণাচল প্রদেশে সরকার এখন বিজেপির দখলে। আসামেও কংগ্রেসকে হারিয়ে পদ্মফুলের (বিজেপির নির্বাচনী প্রতীক) জয়জয়কার। মণিপুরের সাম্প্রতিক নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেখানেও দলবদলের খেলায় কুর্সিতে বিজেপিই।
ত্রিপুরার আগামী ভোটে কংগ্রেসের কোনো সম্ভাবনা আপাতত সত্যিই দেখা যাচ্ছে না। কমিউনিস্টদের সামনেও বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব প্রথম আলোর কাছে দাবি করেন, ‘২০১৮ সালে ত্রিপুরায় পরিবর্তন আসছেই। লিখে রাখুন বিজেপির নেতৃত্বে সরকার গঠিত হবে।’ সিপিএম অবশ্য সহজে দমবার পাত্র নয়। দলের রাজ্য সম্পাদক বিজন ধর সাংবাদিকদের বলেছেন, ‘উত্তর প্রদেশ জিতলেই ত্রিপুরা জেতা হয় না। কংগ্রেস হেরেছে জনস্বার্থবিরোধী নীতির জন্য। ত্রিপুরার মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন।’
কংগ্রেস-শাসিত মেঘালয়েও বিজেপি জয়ের ব্যাপারে আশাবাদী। অথচ এই রাজ্যের ৬০ সদস্যের বিধানসভায় একটিও পদ্ম ফোটেনি কখনো। বর্তমানে কংগ্রেসের দখলে ৩০ আসন। নির্দলীয় বিধায়ক ১৩ জন। আঞ্চলিক দল এনপিপির সঙ্গে বিজেপির আগে থেকে জোট রয়েছে। তবে বিজেপির সহসভাপতি অবিনাশ রাই খান্নার দাবি, আপাতত একাই লড়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
কংগ্রেস-শাসিত মিজোরামে ভোট আগামী বছরের ডিসেম্বর নাগাদ। মিজোরামেও কখনো খাতা খোলেনি বিজেপি। এখানকার বিধানসভায় ৪০টি আসনের ৩৪টিই কংগ্রেসের দখলে। গো-মাংস নিষিদ্ধ করা হবে না—এ ঘোষণা দিয়ে উত্তর-পূর্ব ভারতের এই দুই রাজ্য থেকেও কংগ্রেসকে উৎখাত করতে মরিয়া বিজেপি।