উত্তাপ বাড়ছে কাশ্মীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বললেন, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর কিংবা বেলুচিস্তানের মানুষের জন্য যা করার, তা ভারত ঠিক সময়েই করবে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে চলমান অবনতিশীল সম্পর্কের মধ্যে এ মন্তব্য করলেন তিনি। এদিকে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হেফাজতে এক প্রভাষকের মৃত্যুর পর সেখানকার পরিস্থিতির উত্তাপও বেড়েছে।

সম্প্রতি কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলুচিস্তান, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর, বালতিস্তান, গিলগিটের মানুষের দুর্দশার প্রসঙ্গ তোলেন। ভারতের স্বাধীনতা দিবসের ভাষণেও এর উল্লেখ করে তিনি বলেন, ওই সব জায়গার মানুষের মানবাধিকার প্রতিনিয়ত হরণ করা হচ্ছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মানুষের জন্য ভারত কী করতে চলেছে—এই প্রশ্নের উত্তরে বিকাশ স্বরূপ বলেন, ‘পরবর্তী কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে তা আগাম বলা সম্ভব নয়। তবে যা করার, তা ঠিক সময়েই করা হবে, যেহেতু ওই সব এলাকার জনগণ আমাদেরই লোক।’

কাশ্মীর নিয়ে আলোচনার জন্য পাকিস্তানের প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করার পর উপত্যকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনার কোনো সম্ভাবনা অদূর ভবিষ্যতেও দেখা যাচ্ছে না। বস্তুত গোটা উপত্যকায় রাজ্য সরকারের কোনো উপস্থিতিই নেই। পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীরা ছাড়া উপত্যকায় কার্যত আর কিছু চোখে পড়ে না। কারফিউ ও মৃত্যুও অব্যাহত। বুধবার রাতে এক এলাকা থেকে ২৮ জনকে নিরাপত্তা বাহিনী ধরে নিয়ে যায়। তাঁদের মধ্যে শাবির মাঙ্গু নামের এক প্রভাষকের মৃত্যু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। স্থানীয় মানুষের দাবি, নির্যাতনের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের কথায়, পরপর কয়েকটি দিন হিংসাহীন কাটলে প্রশাসন কিছুটা এগোতে পারে। কিন্তু সেই সুযোগ পাওয়াই যাচ্ছে না।

সরকার চাইলেও ভারতের কাশ্মীর নীতি নিয়ে সব রাজনৈতিক দল একসুরে কথা বলছে না। যদিও প্রধানমন্ত্রী বারবার বলছেন, সব দল যেন এই পরিস্থিতিতে একসুরে কথা বলে। সর্বদলীয় বৈঠকেও তিনি এ অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কংগ্রেস, বামপন্থী দলসহ অনেকেই মনে করছে, প্রধানমন্ত্রী এই সময়ে বেলুচিস্তান প্রসঙ্গ না টানলেই ভালো ছিল। কারণ, তাঁর মন্তব্য বিতর্কের নতুন একটা দিকই শুধু খুলে দেয়নি, কাশ্মীর পরিস্থিতিকেও জটিল করে তুলেছে। কংগ্রেস বলছে, উপত্যকায় শান্তি ফেরানোই এখন সরকারের প্রাথমিক লক্ষ্য হওয়া দরকার। সরকারের নজরও সে দিকেই নিবদ্ধ হওয়া উচিত। কিন্তু রাজ্য বা কেন্দ্র—দুই সরকারই চূড়ান্ত ব্যর্থ।