উত্তেজনার মধ্যে পাকিস্তান যাচ্ছেন রাজনাথ সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থার (সার্ক) একটি সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে সম্প্রতি সৃষ্ট উত্তেজনার মধ্যেই তিনি এ সফর করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে রাজনাথ সিং আগামী বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ রওনা হবেন। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হঠাৎ পাকিস্তান সফরের পর এটাই দেশটিতে ভারতের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সফর।
সফরে সার্কের বৈঠকের পাশাপাশি রাজনাথ সিং সদস্যরাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন বলে ধারণা করা হচ্ছে। কাশ্মীর নিয়ে উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নাসির আলী খানের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে।