উত্ত্যক্তকারীদের পাকড়াও করে পুলিশে দিলেন তিনি
অশালীন আচরণ ও উত্ত্যক্ত করার অভিযোগে ভারতের মুম্বাইয়ের জনবহুল রাস্তায় দুই যুবককে ধাওয়া করে পুলিশের হাতে তুলে দিলেন এক তরুণী মডেল। যাঁদের আটক করা হয়, তাঁদের একজন হরিয়ানার বক্সার। পুলিশের হাত ছাড়িয়ে অভিযুক্ত যুবকদের একজন পালিয়ে যান।
তরুণীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে ওই ঘটনার সময় বহু লোক উপস্থিত থাকলেও তাঁর সাহায্যে কেউ এগিয়ে আসেননি।
গণমাধ্যমে খবর অনুযায়ী, মডেল পূর্ণিমা বহেল (২৬) প্রতিদিনের মতো মুম্বাইয়ের বান্দ্রায় ব্যান্ডস্ট্যান্ডে জগিং করে একটি জায়গায় বসে পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এমন সময় অভিযুক্ত যুবকেরা তাঁকে কুপ্রস্তাব দিতে থাকেন। বিরক্ত পূর্ণিমা চেঁচিয়ে প্রতিবাদ জানালেও কেউ এগিয়ে আসেননি। একপর্যায়ে তিনিই ধাওয়া করেন তাঁদের। একসময় তাঁরা অটোরিকশায় উঠে পড়েন। পূর্ণিমাও অন্য একটি অটোয় চেপে তাঁদের ধাওয়া করেন। শেষ পর্যন্ত পুলিশের এক চৌকিতে তাঁরা ধরা পড়েন।
পূর্ণিমা জম্মুর মেয়ে। পেশায় মডেল। সিনেমায় নামার আশায় দুই বছর আগে তিনি মুম্বাই চলে যান। পুলিশকে তিনি জানান, প্রতিদিনই তিনি ব্যান্ডস্ট্যান্ডে যান জগিং করার জন্য।