উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভারতে কিশোরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে যৌন হয়রানির প্রতিবাদ করায় গত সোমবার উত্ত্যক্তকারীদের হাতে খুন হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, ওই কিশোরীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এএফপির।
পুলিশের ভাষ্যমতে, সোমবার রাতে উত্তর প্রদেশের সীতাপুর জেলার এক গৃহকর্মী ওই মেয়ে ও তার বড় বোন কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় পথ আটকে তাঁদের উত্ত্যক্ত করতে থাকে মোটরসাইকেল আরোহী দুই যুবক। সীতাপুরের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা রাহুল মিঠাস বলেন, খুন হওয়া মেয়েটি উত্ত্যক্তকারীদের চুপ করতে বলেছিল। তবে তারা তার কথায় কান দেয়নি। একপর্যায়ে এদেরই একজন মেয়েটিকে গুলি করে। ঘটনার পরই পালিয়ে যেতে সক্ষম হয় তারা। পরে নিহত মেয়েটির বড় বোনের বর্ণনা অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উত্ত্যক্তকারীদের বিষয়ে পুলিশের কাছে আগেই অভিযোগ করেছিল ওই দুই বোন। কিন্তু সাড়া পায়নি। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রশ্ন তুলেছেন ভারতের নারী অধিকার কর্মীরা।