উন্নয়নশীল দেশগুলোর সমস্যা বুঝতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (ডানে) সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রথম সাক্ষাৎ। নয়াদিল্লিতে মোদির বাসভবন থেকে গতকাল তোলা ছবি l এএফপি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (ডানে) সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রথম সাক্ষাৎ। নয়াদিল্লিতে মোদির বাসভবন থেকে গতকাল তোলা ছবি l এএফপি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দিলেন, উন্নয়নশীল দেশগুলোর সমস্যা উন্নত দেশগুলোকে বুঝতে হবে। পারস্পরিক এই বোঝাবুঝির মধ্য দিয়েই পৃথিবীকে এগোতে হবে।
ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং বাণিজ্যমন্ত্রী পেনি প্রিটজকার গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তি সম্পর্কে ভারতের এই মনোভাব মোদি স্পষ্ট করে দেন। ওই বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, গত বৃহস্পতিবার জেনেভায় ডব্লিউটিও চুক্তিতে ভারতের সই না করাটা ভুল বার্তা দিয়েছে। মোদি যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এই মনোভাব সেই ভাবমূর্তির পক্ষেও খারাপ।
কেরির এই সফরের মূল উদ্দেশ্য সেপ্টেম্বর মাসে মোদির যুক্তরাষ্ট্র সফরের ভিত তৈরি করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটানো। ডব্লিউটিও বিশ্ব বাণিজ্য চুক্তি সম্পাদনে যে উদ্যোগ নিয়েছে, জেনেভায় তাতে ভারত একমত হয়নি। মোদির সঙ্গে এক ঘণ্টার বৈঠকে কেরি ও প্রিটজকার ওই বিষয়টিই উত্থাপন করেন। তাঁরা মোদিকে এ বিষয়ে আরও প্রভাব খাটানোর অনুরোধ করলে প্রধানমন্ত্রী স্পষ্ট করে ভারতের মনোভাবের কথাটা বুঝিয়ে দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশের সমস্যাটা কেরিকে বুঝিয়ে দিয়ে বলেছেন, উন্নত দেশগুলোকে এ সমস্যা অনুধাবন করতে হবে। ভারত একটি উন্নয়নশীল দেশ। এ দেশের এক-চতুর্থাংশ মানুষ দরিদ্র। তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাটা সরকারের কর্তব্য ও দায়িত্ব। এই দায়িত্ব এড়ানো সম্ভব নয়। কেরিকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘উন্নত দেশগুলোর দাবি আমরা বুঝি। কিন্তু উন্নত দেশগুলোকেও উন্নয়নশীল দেশগুলোর এই সমস্যাকে বুঝতে হবে। পারস্পরিক এই বোঝাপড়ার মধ্য দিয়েই পৃথিবীকে এগোতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে বিশ্ব বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলে উন্নত দেশগুলো ধরে নিয়েছিল। কিন্তু খাদ্যে ভর্তুকির পরিমাণ ও সংগ্রহের বহর নিয়ে ভারত তার দাবিতে অনড়। ফলে সেই চুক্তি কবে বাস্তবায়িত হবে, তা অজানা।’
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ কী রকম হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের মনে কিছুটা সংশয় রয়েছে। এই সংশয়ের একটা কারণ, গুজরাট দাঙ্গার দরুন দীর্ঘ প্রায় ১০ বছর মোদিকে ভিসা না দেওয়া। সেই আড়ষ্টতা কাটিয়ে মোদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র এখন উঠেপড়ে নেমেছে। কেরির এই সফরের উদ্দেশ্যও তাই। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় রাজনীতিকদের ফোনে আড়ি পাতা, তাঁদের গতিবিধির ওপর নজরদারি রাখা, ভিসা সমস্যা, পারমাণবিক চুক্তিতে ক্ষতিপূরণের আইন প্রভৃতি বিষয়ে দুই দেশের সম্পর্কে একটা টানাপোড়েন চলছে। আড়ি পাতা ও গোয়েন্দাগিরি নিয়ে ভারত কতটা অসন্তুষ্ট, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। এই টানাপোড়েন কাটিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই দুই দেশের কাছে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের একটি বড় আগ্রহ ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে অংশ নেওয়া। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী চুক হাগেই এ মাসে ভারত সফরে আসছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির সঙ্গে তাঁর বৈঠক হবে। কেরি সেই বৈঠকের ক্ষেত্রটিও প্রস্তুত করে গেলেন জেটলির সঙ্গে আলোচনা করে।