উন্নয়নের মাপকাঠিতে ভারতের মুসলিম সমাজ পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা ভারতের উন্নয়নের মাপকাঠিতে পিছিয়ে পড়েছে ভারতের মুসলিম সমাজ। সাচার কমিটি ১০ বছর আগে মুসলিমদের নিয়ে যে প্রতিবেদন দিয়েছিল, তা থেকে মুসলিম সমাজের তেমন উত্তরণ ঘটেনি। এ সমাজের উন্নয়নে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারের প্রচেষ্টাও বিশেষ ফলপ্রসূ হয়নি।

আজ রোববার বিকেলে কলকাতার রোটারি সদনে স্বাধীন সাংবাদিক সমিতি আয়োজিত ‘পশ্চিমবঙ্গের মুসলিম: উন্নয়ন ও ক্ষমতায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় আলোচকেরা এসব কথা বলেন।
আলোচকেরা বলেন, মুসলিম সমাজ শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়েছে। তাই এই সমাজের উন্নয়নের প্রশ্নটি আজ নাগরিক সমাজের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণেই পশ্চিমবঙ্গের শিক্ষানুরাগী, সাহিত্যিক ও রাজনীতিবিদরা বিচলিত। তাঁরা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলেও পশ্চিমবঙ্গের মুসলিমদের উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। মুসলিমদের আধুনিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়নি।
ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অংশ নেন নজরুল ইসলাম, লেখক ও কলামিস্ট আবুল বাশার, মইদুল ইসলাম, রেজাউল করিম, সৈয়দ তানভির নাসরিন, সাবেক সাংসদ মইনুল হাসান, ওমপ্রকাশ মিশ্র প্রমুখ।