উন্নয়নের স্বপ্ন পূরণে ত্রিদেশীয় সফরে মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

দেশে থাকার চেয়ে বিদেশে থাকতেই তিনি বেশি পছন্দ করেন—ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই অভিযোগ বারবারই শুনতে হয়। সেই সমালোচনার তোয়াক্কা না করে গতকাল বৃহস্পতিবার আবার বিদেশে পাড়ি দিলেন তিনি। এবারের গন্তব্য ফ্রান্স, জার্মানি ও কানাডা। যাত্রার আগে দেশবাসীকে তিনি জানিয়েও দিলেন, কেন এত ঘনঘন বিভিন্ন দেশে যান।
এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকের সম্পাদককে দেওয়া সাক্ষাৎকারে মোদি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়ে বলেছেন, ‘আমি আহমেদাবাদের (গুজরাটের সবচেয়ে বড় শহর) লোক। আমাদের ওখানে একটা কথা খুব চালু আছে—সিঙ্গল ফেয়ার, ডাবল জার্নি। এ জন্যই একটি দেশে না গিয়ে আরও দু-একটি দেশকে আমি সফরে জুড়ে নিই, যাতে সফর বেশি ফলদায়ী হয়।’
ওই অকাট্য জবাবের সঙ্গে সঙ্গে মোদি তাঁর এবারের ত্রিদেশীয় সফরের উদ্দেশ্যও জানিয়ে দেন। ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই তাঁর এই সফরের মূল লক্ষ্য। বিদেশি উদ্যোক্তাদের তাঁদের পণ্য ভারত থেকে বানিয়ে নেওয়ার আহ্বানই ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আসল কথা।
মোদি প্রথমে যাবেন ফ্রান্সে। এটি হবে তাঁর ত্রয়োদশ দেশ সফর। সে দেশের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে সেইন নদীতে নৌবিহার করতে করতে দ্বিপক্ষীয় আলোচনা সারবেন। এটাও মোদির কূটনীতির একটা দিক। তিনি মনে করেন, কূটনৈতিক ঘেরাটোপের মধ্যে আন্তরিকতা যেমন চাপা পড়ে যায়, হৃদয়ের মিলমিশ হয় কম। এ কারণেই চীনা প্রেসিডেন্টের সঙ্গে তিনি গুজরাটে সবরমতী নদীর তীরে দোলনায় বসে আলাপ করেছেন, কিংবা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চায়ের আসরে কথা বলেছেন দিল্লির হায়দরাবাদ হাউসের সবুজ লনে। আলোচনায় ওলাঁদের লক্ষ্য থাকবে রাফায়েল যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রির বিষয়টি আরও এগিয়ে নেওয়া। মোদির লক্ষ্য, ফরাসি প্রতিরক্ষা সরঞ্জাম ভারতে তৈরি করানো আর পরমাণু জ্বালানি পাওয়া নিশ্চিত করা।
মোদি এরপর যাবেন জার্মানি। হ্যানোভার শহরে আয়োজিত এবারের বার্ষিক শিল্পমেলা উদ্বোধনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে থাকবেন মোদি। এই মেলায় ১২০ জন ভারতীয় শিল্পপতি ভারতে উৎপাদিত শিল্পের সম্ভাবনা তুলে ধরবেন। সেইন ও রাইন নদীর পানি কী করে বছরভর অমলিন থাকে, মোদি তা জানতে আগ্রহী। গঙ্গাকে দূষণমুক্ত রাখতে এ দুই দেশের কারিগরি সহায়তা পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখবেন তিনি।
ত্রিদেশীয় সফরের শেষ দেশটি হলো কানাডা। গত ৪০ বছর এ দেশে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখেননি। মোদির কথায়, তিনটি দেশের প্রতিটিই ভারতের প্রগতির শরিক হতে পারে।