উপনির্বাচনে বিজেপি বিপর্যস্ত
ভারতের গো-বলয় (উত্তর প্রদেশ, রাজস্থান ও গুজরাট) বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলল। ১০ রাজ্যের ৩৩ বিধানসভা ও ৩ লোকসভার উপনির্বাচনে বিজেপির ফল রীতিমতো হতাশাজনক। উত্তর প্রদেশ, গুজরাট ও রাজস্থানের মোট ২৪ আসনের মধ্যে বিজেপি জিতল মাত্র ১০টিতে। অথচ এই ২৪ আসনই ছিল তাদের। লোকসভা ভোটে জিতে বিজেপির প্রার্থীরা এই আসনগুলি ছেড়ে দিয়েছিলেন। উত্তর প্রদেশে ১১টি আসনের মধ্যে ৮টি জিতেছে রাজ্যের শাসক দল সমাজবাদী পার্টি (এসপি)। কিন্তু গুজরাট ও রাজস্থানে বিজেপির জৌলুস কেড়ে নিয়েছে কংগ্রেস। গুজরাট ও রাজস্থানে তারা জিতেছে ৩টি করে আসনে। অথচ লোকসভায় এই দুই রাজ্যে কংগ্রেস একটি আসনেও জেতেনি।
ভোটের ফল প্রকাশের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব বিজেপির ‘আচ্ছে দিন’ স্লোগানকে বিদ্রুপ করে বলেছেন, ‘আচ্ছে পরিণাম আয়ে হ্যায়।’
বিজেপি আশার আলো দেখছে শুধু পশ্চিমবঙ্গে। সেখানে বসিরহাট (দক্ষিণ) আসনে একা লড়ে তারা জয়ী হয়েছে। এই জেলারই অশোকনগর কেন্দ্র থেকে ১৯৯৯ সালে জিতে রাজ্য বিধানসভায় প্রথম পা রেখেছিল বিজেপি। তবে সেবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির জোট ছিল। এবার একার ক্ষমতায় তারা জিতল। চৌরঙ্গী আসনে তৃণমূলের কাছে হারলেও বিজেপি সেখানে দ্বিতীয় হয়েছে। এই ফল এটুকু বুঝিয়ে দিল, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এখন বিজেপিই।
উত্তর প্রদেশে বিপর্যস্ত বিজেপি
উত্তর প্রদেশে ১১, গুজরাটে ৯, রাজস্থানে ৪, আসামে ৩, পশ্চিমবঙ্গে ২ এবং অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, সিকিম ও তেলেঙ্গানায় একটি করে মোট ৩৩ বিধানসভা আসনে উপনির্বাচন হয়। এ ছাড়া তিনটি লোকসভা কেন্দ্রেও ভোট হয়েছে। উত্তর প্রদেশের মৈনপুরি আসনটি ছেড়ে দিয়েছেন মুলায়ম সিং যাদব। সেখানে জেতেন তাঁর ভাইপো তেজপ্রতাপ সিং যাদব। গুজরাটের ভদোদরা কেন্দ্রটি ছাড়েন নরেন্দ্র মোদি। সেখানে জয়ী হন তাঁরই দলের রঞ্জনাবেন ভাট। আর তেলেঙ্গানার মেডাক আসন খালি করেছিলেন নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেখানে জিতেছেন তাঁরই দলের প্রভাকর রেড্ডি। ভদোদরা ও মেডাকের ফল নিয়ে তেমন সংশয় না থাকলেও সমাজবাদী পার্টির কাছ থেকে মৈনপুরি বিজেপি কেড়ে নিতে পারে কি না, সেটাই ছিল দেখার। দেখা গেল, মাত্র সাড়ে তিন মাস আগে লোকসভা ভোটে রাজ্যের ৮০টি কেন্দ্রের মধ্যে ৭৩টি জিতলেও বিজেপি এবার উত্তর প্রদেশে রীতিমতো বিপর্যস্ত হলো। শুধু তাই নয়, যে গো-বলয় সাড়ে তিন মাস আগে বিজেপির দু হাত ভরিয়ে দিয়েছিল, সেই গো-বলয়ের তিন রাজ্য উত্তর প্রদেশ, রাজস্থান ও গুজরাট উপনির্বাচনে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিল। গুজরাট ও রাজস্থানে ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন ঘটল কংগ্রেসের। তবে কংগ্রেসের চিন্তা থেকেই গেল আসাম নিয়ে। এই রাজ্যে বিজেপি লোকসভা ভোটে ১৪ আসনের মধ্যে ৭ আসন জিতেছিল। বিধানসভা উপনির্বাচনেও তারা কংগ্রেসের কাছ থেকে শিলচর আসনটি ছিনিয়ে নিল। লখিপুর কংগ্রেস ধরে রাখল। আতর ব্যবসায়ী বদরুদ্দিন আজমলের দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ) দফলে রাখল যমুনামুখ আসন। সিকিমের রঙ্গং আসনে স্বতন্ত্র প্রার্থী আর এন চামলিং জিতেছেন। ত্রিপুরার মনু আসন জিতেছেন সিপিএমের প্রভাত চৌধুরী। সীমান্ধ্র প্রদেশের নন্দীগামা কেন্দ্র দখলে রেখেছে তেলুগু দেশম পার্টি। ছত্তিশগড়ের ভোট গণনা পরে হবে।
বিজেপির খারাপ ফলের নেপথ্যের কারণ
বিজেপি কেন খারাপ করল তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। লোকসভা ভোটের মোদি-হাওয়ার বেগ এত দ্রুত কেন কমল, তার একাধিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। একটি সম্ভাব্য কারণ খাদ্যশস্য ও মাছ-মাংস-ডিম-দুধ-ফলের দাম না কমা। দ্বিতীয় কারণ, উত্তর প্রদেশে বহুজন সমাজ পার্টির (বিএসপি) ভোটে না লড়া। তৃতীয় কারণ, রাজস্থানের দায়িত্ব কংগ্রেস একবারে তরুণ নেতা শচিন পাইলটের হাতে ছেড়ে দিয়েছিল। চতুর্থ কারণ, রাজ্যে নিজস্ব ইস্যুতে ভোট। উত্তর প্রদেশে অমিত শাহ এবং যোগী অদ্বৈতনাথ প্রচারে সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করেছিলেন। লোকসভায় মানুষ মোদিকে বাছলেও বিধানসভায় মানুষ তাঁর দলকে প্রত্যাখ্যান করল। কিন্তু গুজরাটে কেন খারাপ করল বিজেপি? সম্ভাব্য উত্তর, রাজ্যে মোদিহীনতা।
বিজেপির এই খারাপ ফলের প্রভাব মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে আসন ভাগাভাগির ওপর পড়তে পারে। শিব সেনা ইতিমধ্যেই বেশি আসন ও মুখ্যমন্ত্রীর পদের দাবি জানিয়েছে এবং দাবিতে অনড় রয়েছে। উপনির্বাচনের খারাপ ফল আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষিতে বিজেপিকে একটু পিছিয়ে দিতে পারে। একইভাবে কংগ্রেস-এনসিপি জোটকে দিতে পারে বাড়তি মনোবল।
মহারাষ্ট্র ও হরিয়ানায় ১৫ অক্টোবর ভোট হবে, আর গণনা হবে ১৯ অক্টোবর।