উপনির্বাচনে বিপর্যস্ত বিজেপি
বরাবরের ভরসা ‘গো-বলয়’ই বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলল। ভারতের ১০ রাজ্যের ৩৩ বিধানসভা ও তিন লোকসভার উপনির্বাচনে বিজেপির ফল রীতিমতো হতাশাজনক। উত্তর প্রদেশ, গুজরাট ও রাজস্থানের মোট ২৪টি আসনের মধ্যে বিজেপি জিতল মাত্র ১০টি। অথচ এই ২৪টি আসনই তাদের ছিল। লোকসভা ভোটে জিতে বিজেপির প্রার্থীরা এই আসনগুলো ছেড়ে দিয়েছিলেন। বিজেপি কেন খারাপ করল, তা নিয়ে গবেষণাও শুরু হয়ে গেছে।
উত্তর প্রদেশে ১১টি আসনের মধ্যে আটটি জিতেছে রাজ্যের শাসক দল সমাজবাদী পার্টি (এসপি)। কিন্তু গুজরাট ও রাজস্থানে বিজেপির জৌলুশ কেড়ে নিয়েছে কংগ্রেস। গুজরাট ও রাজস্থানে তিনটি করে আসন জিতেছে তারা। অথচ লোকসভায় এই দুই রাজ্যে কংগ্রেস একটি আসনেও জেতেনি। ভোটের ফল প্রকাশের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব বিজেপির ‘আচ্ছে দিন’ স্লোগানকে বিদ্রূপ করে বলেছেন, ‘আচ্ছে পরিণাম আয়ে হ্যায়।’
আশার আলো পশ্চিমবঙ্গে: বিজেপি আশার আলো দেখছে শুধু পশ্চিমবঙ্গে। সেখানে বসিরহাট (দক্ষিণ) আসনে একা লড়ে তারা জয়ী হয়েছে। এই জেলারই অশোকনগর কেন্দ্র থেকে ১৯৯৯ সালে জিতে রাজ্য বিধানসভায় প্রথম পা রেখেছিল বিজেপি। তবে সেবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির জোট ছিল। এবার একার ক্ষমতায় তারা জিতল। চৌরঙ্গী আসনে তৃণমূলের কাছে হারলেও বিজেপি সেখানে দ্বিতীয় হয়েছে। এ ফল এটুকু বুঝিয়ে দিল, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এখন বিজেপিই।
বিধানসভার উপনির্বাচন হয় উত্তর প্রদেশে ১১টি, গুজরাটে ৯, রাজস্থানে ৪, আসামে ৩, পশ্চিমবঙ্গে ২ এবং অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, সিকিম ও তেলেঙ্গানায় একটি করে আসনে। এ ছাড়া ভোট হয় তিন লোকসভা কেন্দ্রে। উত্তর প্রদেশের মৈনপুরি আসনটি ছাড়েন মুলায়ম সিং যাদব। সেখানে জেতেন তাঁর ভাইপো তেজপ্রতাপ সিং যাদব। গুজরাটের ভাদোদরা কেন্দ্রটি ছাড়েন নরেন্দ্র মোদি। সেখানে জয়ী হন তাঁরই দলের রঞ্জনাবেন ভাট। আর তেলেঙ্গানার মেডাক আসন খালি করেছিলেন নতুন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেখানে জিতেছেন তাঁরই দলের প্রভাকর রেড্ডি। ভাদোদরা ও মেডাকের ফল নিয়ে তেমন সংশয় না থাকলেও সমাজবাদী পার্টির কাছ থেকে মৈনপুরি বিজেপি কেড়ে নিতে পারে কি না, সেটাই ছিল দেখার।
দেখা গেল, মাত্র সাড়ে তিন মাস আগে লোকসভা ভোটে রাজ্যের ৮০টি কেন্দ্রের মধ্যে ৭৩টি জিতলেও বিজেপি এবার উত্তর প্রদেশে রীতিমতো বিপর্যস্ত হলো। আর গুজরাট ও রাজস্থানে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে প্রত্যাবর্তন ঘটল কংগ্রেসের। তবে আসাম নিয়ে কংগ্রেসের চিন্তা থেকেই গেল। এ রাজ্যে বিজেপি লোকসভা ভোটে ১৪টির মধ্যে সাতটি আসন জিতেছিল। বিধানসভা উপনির্বাচনেও তারা কংগ্রেসের কাছ থেকে শিলচর আসনটি ছিনিয়ে নিল। লখিপুর কংগ্রেস ধরে রাখল। নতুন সীমান্ধ্র প্রদেশের নন্দীগামা কেন্দ্র দখলে রেখেছে তেলুগু দেশম। ছত্তিশগড়ের ভোট গণনা পরে হবে।
হারের ব্যাখ্যা–বিশ্লেষণ: ‘মোদি-হাওয়া’র বেগ এত দ্রুত কেন কমল, তার একাধিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। একটি সম্ভাব্য কারণ, খাদ্যশস্য ও মাছ-মাংস-ডিম-দুধ-ফলের দাম না কমা। দ্বিতীয় কারণ, উত্তর প্রদেশে বহুজন সমাজ পার্টির (বিএসপি) ভোটে না লড়া। তৃতীয় কারণ, রাজস্থানের দায়িত্ব কংগ্রেস একবারে তরুণ নেতা শচীন পাইলটের হাতে ছেড়ে দিয়েছিল। চতুর্থ কারণ, রাজ্যে রাজ্যে নিজস্ব ইস্যুতে ভোট। কিন্তু গুজরাটে কেন খারাপ করল বিজেপি? সম্ভাব্য উত্তর, রাজ্যে মোদিহীনতা।
মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে আসন ভাগাভাগির ওপর বিজেপির এই খারাপ ফলের প্রভাব পড়তে পারে। শিবসেনা ইতিমধ্যেই বেশি আসন ও মুখ্যমন্ত্রী পদের দাবি জানিয়েছে এবং এ দাবিতে অনড় রয়েছে। উপনির্বাচনের খারাপ ফল আসন ভাগাভাগি নিয়ে দর-কষাকষিতে বিজেপিকে একটু পিছিয়ে দিতে পারে। একইভাবে কংগ্রেস-এনসিপি জোটকে দিতে পারে বাড়তি মনোবল।