উলফার সঙ্গে দিল্লিতে শান্তি আলোচনা শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে শান্তি আলোচনায় বসছে দেশটির সরকার। আজ মঙ্গলবার দিল্লিতে শুরু হচ্ছে এ আলোচনা।

তিন দশকেরও বেশি সময় ধরে আসাম রাজ্যে চলা সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটির সঙ্গে শান্তি চুক্তি করতে চায় সরকার। আর সে লক্ষ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আলোচনায় উলফার পক্ষে নেতৃত্ব দেবেন অরবিন্দ রাজখোয়াসহ সংগঠনটির শীর্ষ নেতারা। আর সরকারের পক্ষে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা।

আজ বিবিসি বাংলার খবরে জানানো হয়, আজকের বৈঠকেই একটি শান্তি চুক্তির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু হবে। এরপর সেটি নিয়ে আলোচনা এবং চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলবে। যদিও মধ্যস্থতাকারীরা এর আগেই উলফা, কেন্দ্রীয় সরকার ও আসাম সরকারের মধ্যে শান্তি চুক্তির বিষয়টি অনেক দূর এগিয়ে রেখেছেন।

সম্প্রতি বাংলাদেশের কারাগারে বন্দী থাকা উলফার শীর্ষস্থানীয় নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তিনি বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। অবশ্য এর আগে অনেক দিন ধরে এমন শান্তি আলোচনায় যোগ দেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

গতকাল সোমবার অনুপ চেটিয়াকে গুয়াহাটি আদালতে হাজির করার পর বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে কারাগারে পাঠানো হয়।