উষার গানে ভোট প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দিন। ভোটারদের কাছে গানের মাধ্যমে ভোটদানের গুরুত্ব বোঝাচ্ছে মেঘালয় নির্বাচন দপ্তর। ছবি: সংগৃহীত
ভোট দিন। ভোটারদের কাছে গানের মাধ্যমে ভোটদানের গুরুত্ব বোঝাচ্ছে মেঘালয় নির্বাচন দপ্তর। ছবি: সংগৃহীত

ভোটারদের টানতে এবার উষা উত্থুপের সাহায্য নিল ভারতের মেঘালয় সরকার। মেঘালয়ে বিধানসভা নির্বাচন ২৭ ফেব্রুয়ারি। তাই ভারতের এই পপ তারকাকে দিয়ে গান গাওয়ালেন মেঘালয় নির্বাচন কমিশনের কর্তারা।

ভোটার তালিকায় নাম তোলার জন্য এর আগে বিশাল মানববন্ধন করে সবার নজর কেড়েছিল মিজোরাম নির্বাচন দপ্তর। এবার ভোটারদের বুথমুখী করতে উষা উত্থুপকে দিয়ে গান গাওয়াল তারা। উষা গাইলেন মেঘালয়ের খাসি ভাষার গান।

উষার গানে উঠে এল ছোট্ট পাহাড়ি রাজ্য মেঘালয়ের প্রতি তাঁর ভালোবাসার কথা। তরুণ ভোটারদের দল বেঁধে ভোট দিতে আসার ডাক দিলেন তিনি। স্বপ্ন দেখালেন, সুন্দর মেঘালয় গড়তে পছন্দের প্রার্থীদেরই ভোট দিতে। রাজ্যের রাজধানী শিলংয়ের প্রতি শোনালেন নিজের ভালোবাসার কথা।

মেঘালয়ের মুখ্য নির্বাচনী কর্মকর্তা এ আর খারকোগনার বলেছেন, উষা উত্থুপ নিজেও খুব খুশি। তাঁর মতো অরাজনৈতিক সংগীতশিল্পীকে বেছে নেওয়ার কারণ হিসেবে উষার জনপ্রিয়তার কথাই শোনালেন খারকোগনার।

খ্রিষ্টান ধর্মাবলম্বীপ্রধান মেঘালয়ের তরুণ সমাজ তাঁদের লোকসংস্কৃতির পাশাপাশি পপ বা রক-জাতীয় গানকে বেশ পছন্দ করে। সেদিকে খেয়াল রেখে এর আগে স্থানীয় শিল্পীদের দিয়েও নির্বাচনী প্রচার চালায় নির্বাচন দপ্তর। অরাজনৈতিক সেই প্রচারেরও মূল কথা, পছন্দের মানুষকে ভোট দিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসুন। ভোটদান প্রতিটি নাগরিকের মূল কর্তব্য, সেটাও বুঝিয়ে দেওয়া হয় গানের মাধ্যমে।