উৎসব থেকে হঠাৎ আতঙ্ক, ২৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থানে একটি বিয়ের অনুষ্ঠানে দেয়াল ধসে ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৮ জন। পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে রাজস্থানের ভরতপুর জেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ভরতপুর জেলার পুলিশ সুপার অনিল তাংক বলেন, ভাড়া করা মিলনায়তনে বিয়ের আয়োজন চলছিল। ঝড়ের কারণে বিয়ের অনুষ্ঠানস্থলের লাগোয়া একটি দেয়াল ও একটি টিনশেড ঘর ধসে পড়ে অতিথিদের ওপর। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, ধসে পড়া দেয়ালটি প্রায় ৯০ ফুট দীর্ঘ ও ১২-১৩ ফুট উঁচু ছিল। এই দেয়ালের পাশেই অতিথিদের খাওয়ার আয়োজন করা হয়েছিল।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ওই মিলনায়তনের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।