উৎসবে গিয়ে প্রাণ দিল চার শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিভাবকদের সঙ্গে ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়েছিল চার শিশু। কাছেই পার্কিং করা ছিল বাজেয়াপ্ত করা গাড়ি। দরজা খোলা পেয়ে একটি গাড়িতে ঢুকে পড়ে ওই শিশুরা। ভেতর থেকে নিজেরাই বন্ধ করে দেয় দরজা। তারপর তারা আর দরজা খুলতে পারেনি। সেখানেই দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

ভারতের তামিলনাড়ু রাজ্যের তুতকরিন জেলার বেদান্তম গ্রামে গতকাল বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানায় পুলিশ।

পরে পুলিশ গিয়ে ওই গাড়িটির ভেতর থেকে চারটি শিশুর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মারা যাওয়া দুটি ছেলে শিশুর বয়স চার বছর। আর অপর দুটি মেয়ে শিশুর বয়স আট ও ১০ বছর।

পরিবার ও পুলিশ জানায়, গ্রামটির একটি মন্দিরে ধর্মীয় উৎসবে যোগ দিতে ওই শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে গিয়েছিল। উৎসবস্থলের কাছাকাছি গাড়ি পার্কিংয়ের জায়গাটি অবস্থিত। ঋণ পরিশোধে ব্যর্থ গ্রাহকদের বাজেয়াপ্ত করা গাড়ি ওই পার্কিংয়ে রেখেছে একটি ব্যাংক কর্তৃপক্ষ। শিশুরা খেলা করতে করতে ওই পার্কিং এলাকায় যায়। তারা একটি গাড়ির দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে। তারপর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। 

প্রাণ হারানো এক শিশুর স্বজন বলেন, গাড়ির দরজা আগে থেকে আটকে রাখা হলে দুর্ঘটনাটি এড়ানো যেত।

ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিভাবকেরা।