উড়ালসড়ক ধস: তৃণমূলের ব্যবসায়ীকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন উড়ালসড়ক ধসের ঘটনায় তৃণমূলের এক ব্যবসায়ীকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলছে।

উড়ালসড়ক নির্মাণের সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর নাম রজত বকসী। তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক স্মিতা বকসীর ভাইপো। স্মিতার স্বামী সঞ্জয় বকসীও প্রভাবশালী তৃণমূল নেতা।

ঘটনার পর রজত গা-ঢাকা দিয়েছেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের দরজাও বন্ধ রয়েছে।

নির্মাণকাজের সঙ্গে যুক্ত এক শ্রমিক সাংবাদিকদের বলেছেন, তাঁরা রজতের কর্মী ছিলেন। রজতই তাঁদের নিয়োগ দিয়েছিলেন।

ওই শ্রমিকের ভাষ্য, ঘটনার আগের রাতে ঢালাইয়ের সময় উড়ালসড়ক কেঁপে উঠেছিল। কিন্তু তা আমলে নেননি প্রকৌশলীরা।

তৃণমূল বিধায়ক স্মিতার স্বামী সঞ্জয়ের দাবি, রজতের সাব-কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা ছিল না।

ঘটনা প্রকাশের পর অবিলম্বে রজতের গ্রেপ্তার দাবি করেছেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

ধ্বংসস্তূপ সরানোর কাজে নিযুক্ত কর্মীদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষের দেহ চাপা পড়ে থাকতে পারে। তাই উদ্ধারকাজের জন্য চেন্নাই থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে।

উড়ালসড়ক নির্মাণের কাজে যুক্ত যেসব শ্রমিক অস্থায়ী ঘরে থাকছিলেন, দুর্ঘটনার পর সেখানে গিয়ে তাঁদের দেখা মেলেনি। তাঁরা থালা-বাসন, বিছানাপত্র ফেলে চলে গেছেন।

নির্মাণকাজে ব্যবহৃত সিমেন্টের উদ্ধার হওয়া বস্তা দেখে অনেকেই হতবাক হয়েছেন। উড়ালসড়কে ঢালাইয়ে অখ্যাত কোম্পানির সিমেন্ট ব্যবহার করা হয়েছে। কলকাতায় ওই নামে কোনো সিমেন্ট পাওয়া যায় না। তা ছাড়া সিমেন্টের মান নিয়েও প্রশ্ন আছে।

গত বৃহস্পতিবার বিকেলে উত্তর কলকাতার বড়বাজার অঞ্চলের জোড়াসাঁকো এলাকায় নির্মাণাধীন বিবেকানন্দ উড়ালসড়ক ভেঙে হতাহতের ঘটনা ঘটে।