উড়োজাহাজের ককপিটে ঝগড়া করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেট এয়ারওয়েজ। রয়টার্সের ফাইল ছবি।
জেট এয়ারওয়েজ। রয়টার্সের ফাইল ছবি।

মাঝ আকাশে ঝগড়া করে ককপিট ছেড়ে চলে যাওয়া দুই পাইলটের উড়োজাহাজ চালানোর ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। বছরের প্রথম দিনের ওই ঘটনায় এর আগে দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করে জেট এয়ারওয়েজ।

ওই দুই পাইলটের একজন নারী ও একজন পুরুষ।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন লন্ডন থেকে মুম্বাইগামী জেট এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় নয় ঘণ্টা ওড়ার পর ককপিটে ওই দুই পাইলটের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রধান পাইলট সহকারী নারী পাইলটকে চড় মারেন। এরপর ওই নারী পাইলট কাঁদতে কাঁদতে ককপিট থেকে বেরিয়ে আসেন। এরপরই ককপিট ছেড়ে বেরিয়ে আসেন প্রধান পাইলট। মাঝ আকাশে উড়োজাহাজ তখন চালকশূন্য! পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্রধান পাইলট আবার ককপিটে চলে যান।

বিষয়টি জানাজানি হলে দুই চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করে উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তা শঙ্কার মুখে ফেলায় তাঁদের ফ্লাইং লাইসেন্স বাতিল করা হয়। এরপর চাকরি থেকে তাঁদের বরখাস্ত করে জেট এয়ারওয়েজ। সর্বশেষ তাঁদের উড়োজাহাজ চালনার ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

জেট এয়ারওয়েজের একজন মুখপাত্র ওই সময় বিষয়টি কেবল ‘ভুল বোঝাবুঝি’ বলে জানান। পাইলটদের সমঝোতার পর দুই শিশুসহ ৩২৪ জন যাত্রী ও ১৪ জন ক্রু নিয়ে উড়োজাহাজটি নিরাপদে মুম্বাইয়ে অবতরণ করে।