ঋণগ্রস্ত ভারতীয় ধনকুবের লন্ডনে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় মালিয়া
বিজয় মালিয়া

ভারতের ঋণগ্রস্ত ধনকুবের বিজয় মালিয়া লন্ডনে গ্রেপ্তার হয়েছেন। লন্ডন পুলিশ এ কথা জানিয়েছে।

আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জালিয়াতির অভিযোগে’ লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

মালিয়াকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাজ্যের ওপর চাপ দিয়ে আসছিল ভারত। মালিয়ার কিংফিশার এয়ারলাইনসে (বর্তমানে বিলুপ্ত) আর্থিক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ব্যাংকের কাছে তাঁর ঋণ রয়েছে ৬০ কোটি রুপি। তবে মালিয়া তাঁর বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

মালিয়াকে আজ মঙ্গলবার রাতে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

কিংফিশার ব্র্যান্ডের অধীনে বিয়ার বিক্রি করে ভাগ্য খুলে যায় ব্যবসায়ী বিজয় মালিয়ার। পরে তিনি ফর্মুলা ওয়ান (এফ১) রেসিং ও এয়ারলাইনস ব্যবসা শুরু করেন। এফ১ টিম ফোর্স ইন্ডিয়ার অংশীদার তিনি; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁর মালিকানায় রয়েছে।

২০১২ সালে এয়ারলাইনসের ব্যবসা শুরু করেন মালিয়া। টানা লোকসানে থাকার পর ঋণদাতারা নতুন করে ঋণ দিতে অস্বীকৃতি জানালে এই ব্যবসা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়।