এ পি জে কালামের শেষ বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ পি জে কালামের শেষ বই
এ পি জে কালামের শেষ বই

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এ পি জে আবদুল কালামের লেখা শেষ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গুজরাট রাজ্যের আহমেদাবাদে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট-আহমেদাবাদ (আইআইএম-এ) গত মঙ্গলবার ওই অনুষ্ঠানের আয়োজন করে। খবর পিটিআইয়ের।
পরমাণুবিজ্ঞানী হিসেবে সুপরিচিত কালামের ওই বইয়ের নাম অ্যাডভান্টেজ ইন্ডিয়া-ফ্রম চ্যালেঞ্জ টু অপরচুনিটি। এতে তাঁর শেষ বক্তৃতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে গত জুলাইয়ে এক অনুষ্ঠানে ওই বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান তিনি।
‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্বচ্ছ ভারত’, ‘স্মার্ট সিটিজ’ ইত্যাদি নতুন পদক্ষেপের মাধ্যমে দেশের বিপুল সম্ভাবনাকে বিকশিত করার বিভিন্ন উপায় নিয়ে লেখা হয়েছে কালামের সর্বশেষ বইটি। এটির সহলেখক আইআইএমের সাবেক শিক্ষার্থী সৃজন পাল সিং। তিনি মঙ্গলবারের অনুষ্ঠানে বলেন, গত জুলাইয়ে মৃত্যুর আগেই বইয়ের ৯৯ শতাংশ কাজ শেষ করেছিলেন কালাম।
আইআইএমে থেকে পাস করার পর আবদুল কালামের সঙ্গে বহু বছর কাজ করেছেন সৃজন পাল সিং। তিনি বলেন, বৈচিত্র্যময় বিভিন্ন বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য কালাম নানা রকমের কাল্পনিক ও সরস আলাপচারিতাও তুলে ধরেছেন এ বইয়ে।
কালাম জীবিত থাকলে ভারতে সাম্প্রতিক অসহিষ্ণুতা বৃদ্ধি প্রসঙ্গে কী বলতেন—এমন প্রশ্নের জবাবে সৃজন পাল সিং বলেন, ন্যায়পরায়ণতাই সহিষ্ণুতার চাবি। কীভাবে আরও বেশি সহিষ্ণু হওয়া যায়, সে সম্পর্কে সর্বশেষ বইয়েও লিখে গেছেন কালাম।