এ বছর কাশ্মীরে দ্বিগুণ সৈন্য হারিয়েছে ভারত

ভারতের জম্মু ও কাশ্মীরে এ বছর (১৫ ডিসেম্বর পর্যন্ত হিসাব) ৬০ জন সৈন্য নিহত হয়েছে। এই সংখ্যা গত দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ২০১৫ সালে কাশ্মীরে ভারতীয় সৈন্য নিহত হয়েছিল ৩৩ জন। আগের বছর সংখ্যাটি ছিল ৩২।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় আজ রোববার এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
এ বছর কাশ্মীরে বেশি সংখ্যায় সৈন্য নিহত হওয়ার একাধিক কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন বেড়ে যাওয়া, পাল্টা অনুপ্রবেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) অভিযান। এ ছাড়া সন্ত্রাসবিরোধী অভিযানেও নিহত সৈন্যের সংখ্যা বেড়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এ বছর যে ৬০ জন সৈন্য নিহত হয়েছে, তার মধ্যে নিয়ন্ত্রণরেখায় অভিযানে নিহত হয়েছে ২৩ জন। ২০১৫ সালে নিয়ন্ত্রণরেখায় নিহত হয়েছিল চারজন। আগের বছর এ সংখ্যা ছিল পাঁচ।
এ ছাড়া এই রাজ্যে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৭ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। ২০১৫ সালে ছিল ২৯ জন। আর ২০১৪ সালে ছিল ২৭ জন। ভারতীয় একজন সেনা কর্মকর্তা বলেন, ‘দুটি বড় সন্ত্রাসী ঘটনার কারণে এ বছর নিহত সৈন্যের সংখ্যা বেশি হয়েছে। একটি হলো উরির হামলা, আরেকটি নাগরোতার ঘটনা। এ দুই ঘটনায় দুর্ভাগ্যবশত আমরা ২৬ সৈন্যকে হারিয়েছি।’
উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ জন সৈন্য নিহত হওয়ার পর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসীদের ছয়টি ডেরায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়। এ ঘটনার পর নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন বেড়ে যায়। এসব ঘটনায় উভয় পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করে। তবে গত তিন সপ্তাহ যাবৎ অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা কমে এসেছে।
ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর উধামপুরের একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা বলেন, ‘নিয়ন্ত্রণরেখায় আমাদের চৌকিগুলো পাকিস্তানিদের তুলনায় ভালোভাবে সুরক্ষিত। এই চৌকিগুলো ভালো অবস্থায় রয়েছে। তাদের (পাকিস্তান) সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আমাদের সৈন্যদের হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’
শীর্ষস্থানীয় সেনা সূত্র স্বীকার করেছে, কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী ঘটনাও বেড়েছে। এ বছর শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টাও বেড়েছে।