এ বছরেই তিস্তা বা ছিটমহল চুক্তির চূড়ান্ত চায় ভারত
বাংলাদেশ সরকারকে দেওয়া তিস্তার পানি বণ্টন চুক্তি অথবা ছিটমহল-বিনিময় চুক্তি প্রতিশ্রুতির মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করতে চাইছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। এ লক্ষ্যে দেশটির কেন্দ্রীয় সরকার প্রক্রিয়াও শুরু করেছে।
আজ বুধবার কলকাতার আনন্দবাজার পত্রিকায় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চুক্তি সম্পাদন নিয়ে বিজেপি অন্দরমহলে ঐকমত্যের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও আসাম সরকারকেও বাগে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদি সরকার। কেননা, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে এই চুক্তির বিরোধিতা করেছিল আসাম বিজেপি ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। যদিও ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসাম ও পশ্চিমবঙ্গের দলীয় নেতাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন। এই চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে ১৬ আগস্ট দিল্লিতে ওই দুই রাজ্যের দলীয় নেতৃত্বকে ডেকে পাঠিয়েছেন তিনি।
এর আগে ইউপিএ সরকার বাংলাদেশের সঙ্গে এই দুটি চুক্তি সম্পাদনের জন্য উদ্যোগ নেয়। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আসামের বিজেপি ও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের আপত্তির মুখে তা সম্ভব হয়নি। শুধু তা-ই নয়, চুক্তির বিরোধিতা করে মনমোহনের সফরসঙ্গী হননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইউপিএ সরকার চুক্তি সম্পাদনের জন্য উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়। শুধু তা-ই নয়, ছিটমহল-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্য সংবিধান সংশোধনীর বিল ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় উত্থাপন করতে চাইলেও আপত্তির মুখে ইউপিএ ব্যর্থ হয়।
ভারত ও বাংলাদেশের মধ্যে ১৬২টি ছিটমহল রয়েছে। এর মধ্যে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশের ৫১টি ও বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় ১১১টি ছিটমহল রয়েছে।
এদিকে, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফরে আসেন। তিনি বাংলাদেশকে এই চুক্তি সম্পাদনের ব্যাপারে আশ্বস্ত করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বছরই ভারত সফরের কথা। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশ সফরে আগ্রহী। সবকিছু মিলিয়ে মোদি সরকার চাইছে, তিস্তা ও ছিটমহল-বিনিময় চুক্তির যেকোনো একটিকে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করতে। এ ক্ষেত্রে বাংলাদেশের বিজয় দিবসের বিষয়টি মাথায় রেখেছে ভারত সরকার।