এ যাত্রায় বেঁচে গেল কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ইয়াস থেকে রক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন এনডিআরএফের সদস্যরা। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, ২৫ মে
ছবি: এএনআই

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি এলাকায় জলোচ্ছ্বাস আঘাত হেনেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। তবে এ যাত্রায় বেঁচে গেল রাজ্যের রাজধানী কলকাতা।

গত বছর ঘূর্ণিঝড় আম্পানের সময় প্রচণ্ড ঝড় হলেও এবার ঝড়ের থেকে জলোচ্ছ্বাসের মাত্রা ছিল তুলনামূলক বেশি। এ জলোচ্ছ্বাসে ভেসে গেছে এ রাজ্যের সমুদ্র উপকূলবর্তী বেশ কিছু গ্রাম। এবার জলোচ্ছ্বাসের মাত্রা এতটাই ছিল যে দিঘা শহরের সব দোকানপাট এবং একতলা বাড়িঘর ডুবে গেছে। এ ছাড়া দিঘার রাস্তাঘাট আর সমুদ্র একাকার হয়ে গেছে। জলোচ্ছ্বাসে ডুবে গেছে খেতের ফসল। ভাসিয়ে নিয়ে গেছে গবাদিপশু।

জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি, তাজপুর, শংকরপুর এলাকার বহু হোটেলে পানি উঠেছে। এসব এলাকার সড়ক চেনার উপায় নেই। এসব এলাকায় সমুদ্রতীরের বহু দোকানপাট ভেসে গেছে, ভেঙে গেছে গাছপালা। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। একই চিত্র দেখা গেছে পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকায়ও। এ ছাড়া রাজ্যের রায়দিঘি, বকখালী, সন্দেশখালী, হলদিয়া, হিঙ্গলগঞ্জ, ধামাখালী, পার্থ প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, সাগর, ফ্রেজারগঞ্জ, গঙ্গা সাগর, গোসাবা ও মৌসুনী দ্বীপেও আঘাত হেনেছে জলোচ্ছ্বাস।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরের ৫১টি এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৫টি স্থানের বাঁধ ভেঙে গেছে। এসব বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে গ্রামে। প্লাবিত হয়েছে বহু গ্রাম। তিনি বলেন, সতর্কতা হিসেবে এবার সাড়ে ১১ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় শুরুর আগেই ১০ জেলায় ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে উদ্ধারকাজে সহায়তার জন্য। এ ঝড়ের পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ২ লাখ পুলিশ সদস্য ও ৭৪ হাজার স্বেচ্ছাসেবী। মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ৪৫টি দল। এ ছাড়া কলকাতা শহরের ঝড়ের সময় উড়াল সেতুতে উঠে কোনো গাড়ি যাতে দুর্ঘটনা কবলিত না হয়, সে জন্য আটটি বড় উড়াল সেতু বন্ধ করে দেওয়া হয়। তবে ঝুঁকি কমে আসায় এর কয়েকটি এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে।