এ যেন আরেক মোগলি

ছোট্ট একটি মেয়ে। আর দশটা শিশুর মতো কথা বলে না। আচরণও ঠিক মানুষের মতো নয়। হবেই বা কী করে? থাকত সে বানরকুলের সঙ্গে। তাদের কাছেই খেতে শিখেছে। হাঁটতে শিখেছে। এ যেন জাঙ্গল বুকের সেই মোগলি।
ছোট্ট মেয়েটি হাত ও পায়ে ভর দিয়ে বানরদের মতো করেই হাঁটে। হাতে তুলে নয়, সরাসরি মুখ দিয়ে খাবার খায়। কখনো কখনো হিংস্র হয়ে ওঠে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ভারতের উত্তর প্রদেশের বাহরাইচ এলাকার একটি বন থেকে আট বছরের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। উপপরিদর্শক (এসআই) সুরেশ যাদব মতিপুর রেঞ্জের বন্য প্রাণীদের অভয়ারণ্য কাটারনিয়াঘাটে টহল দিচ্ছিলেন। সেখানেই খুঁজে পান শিশুটিকে। বানর দলের সঙ্গে স্বাচ্ছন্দ্যেই ছিল সে। শিশুটিকে উদ্ধারের সময় বানরেরা কিচিমিচির করছিল। শিশুটিও চেঁচাচ্ছিল। অনেক চেষ্টার পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে নেওয়ার পর বোঝা যায়, ছোট্ট মেয়েটি কারও ভাষা বোঝে না। মানুষ দেখলে ভয় পায়। চিকিৎসার পর ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে। পায়ে ভর দিয়ে হাঁটা শেখানো হচ্ছে।