এ যেন আলাদিনের দৈত্য!
আলাদিনের আশ্চর্য প্রদীপের গল্প কে না শুনেছে? প্রদীপ ঘষলেই হাজির দৈত্য। হুকুম পেলে নিমেষে তামিল করে ফেলে সে। অসাধ্য নেই কিছুই।
এমন করিতকর্মা দৈত্য পাওয়া না গেলেও ডাকলে ঘরে-বাইরের কাজগুলো সেরে দেওয়ার মতো কর্মী পাওয়া যাবে চট করে।
ভারতের মুম্বাইয়ে ‘গেট মাই পিয়ন’ সে রকম একটি প্রতিষ্ঠান।
ঘরে-বাইরে সবকিছু সামলাতে গিয়ে ব্যস্ত নগর জীবনে অনেকে এখন হিমশিম খাচ্ছেন। ইচ্ছে থাকলেও করা হয়ে ওঠে না অনেক কিছু। সময়ের অভাবে দৈনন্দিন অনেক কাজের পাহাড় জমে থাকে। ভারতের মুম্বাইয়ের কয়েকটি প্রতিষ্ঠান ব্যস্ত নাগরিক জীবনকে এখন অনেকটাই সহজ করে দিয়েছে। আলাদীনের আশ্চর্য প্রদীপের মতো প্রয়োজনের সবকিছু মানুষের সামনে হাজির করছে তারা।
ঘরের কাজে ব্যস্ততার সময়ে দোকানে কোনো বিল জমা দিতে হবে, বয়স্ক কোনো আত্মীয়কে হাসপাতালে ভর্তি করাতে হবে, জন্মদিনে বন্ধুর কাছে উপহার পৌঁছাতে হবে—এ রকম যেকোনো কিছু নিয়ে সমস্যায় পড়লেই ঘরের দরজায় এসে হাজির হবেন ‘গেট মাই পিয়নের’ কর্মীরা। ২০১২ সালে মুম্বাইয়ে ‘গেট মাই পিয়ন’ নামের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। রাঁধুনি থেকে শুরু করে চালক, আয়া সবকিছুই সরবরাহ করে গেট মাই পিয়ন।
গেট মাই পিয়নের গ্রাহকের সংখ্যা এখন ৮০০। এর মধ্যে বড় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক থেকে শুরু করে গৃহিণীও রয়েছেন।
ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ভরত আহিরওয়ার বলেন, মানুষ এখন পুরোনো অনেক অভ্যাসই বদলে ফেলছে। সারাক্ষণ কাউকে রাখার খরচ অনেক বেশি। এর চেয়ে টুকটাক দৈনন্দিন কাজের প্রয়োজনে তারা এই প্রতিষ্ঠান থেকে পিয়ন নিয়ে আসতে পারেন। খরচও হাতের নাগালেই।
সবিতা ফুড কোম্পানির ভবিন শাহ তাঁর প্রতিষ্ঠানে শুকনো খাবার তৈরি করেন। তিনি গেট মাই পিয়নের নিয়মিত গ্রাহক। আগে খাবার পৌঁছে দিতে তিনি নিজের প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিতেন। কিন্তু এখন লোক-সংকট দেখা দিয়েছে। তাই খাবার পৌঁছানোর কাজ তিনি করেন গেট মাই পিয়নের সহায়তায়।
ভবিন শাহ বলেন, সারাক্ষণ লোক রাখার ঝক্কি অনেক। সব সময় তাদের ওপর নজরদারি করতে হয়। ভালো লোক পাওয়াও কঠিন। এ কারণে গেট মাই পিয়ন অনেকটা সহজলভ্য।
অবশ্য অনেক প্রতিষ্ঠানই মনে করে, ভাড়া করা কাজের লোকের চেয়ে নিজের লোক থাকাটা সম্মানজনক। গেট মাই পিয়ন সেই সুযোগ-সুবিধাও দেয় গ্রাহকদের।
মুম্বাইয়ের কলামিস্ট অনিল ধরকারের মতে, ভারতের বেশির ভাগ প্রতিষ্ঠানই এখন সারাক্ষণ কাজ করার কর্মী রাখতে চান না। এমনকি গাড়ির জন্য পুরো সময়ের চালকও রাখেন না তাঁরা। ধরকার বলেন, অনেক ট্যাক্সি ফার্মও এ রকম প্রতিষ্ঠানের কাছ থেকে চালকদের ভাড়া নিয়ে কাজ চালায়।
গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনে সেবা দিয়ে থাকে মুম্বাইয়েরে ডেলিসেবা ডট কম। প্রতিষ্ঠানের কর্মকর্তা বিকাশ সিং বলেন, শহরে বেশির ভাগ বাড়িতেই মা-বাবা দুজনকেই কাজে বেরিয়ে যেতে হয়। শিশুকে রাখা বা ঘরের কাজ করার জন্য সব সময়ের লোক রাখতে খরচ অনেক বেশি পড়ে। ফলে যাদের অতটা সামর্থ্য নেই, তাঁরা হতাশ হয়ে পড়েন। ডেলিসেবা ডটকম এ রকম পরিবারে গৃহকর্মী জোগাড় করে দেয়। গৃহকর্মীরা মাসে তিন-চার হাজার রুপির বিনিময়ে কাজ করে দেন। এএফপি অবলম্বনে