এআইএডিএমকের দুই গোষ্ঠী এক হয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকের বিবদমান দুই গোষ্ঠীর মিলন হলো। গতকাল সোমবার দলীয় দপ্তরে মুখ্যমন্ত্রী ই পালানিসামি ও সাবেক মুখ্যমন্ত্রী ও পনিরসেলভাম হাতে হাত মিলিয়ে জানিয়ে দেন, এখন থেকে তাঁরা সবাই একই দলের সদস্য।

এর ফলে পূরণ হতে চলেছে বিজেপির প্রত্যাশা। বিজেপি দুই গোষ্ঠীর মিলন চাইছিল যাতে জাতীয় রাজনীতিতে তারা আবার এনডিএর শরিক হতে পারে। তাই এই মিলনে ভারতের জাতীয় রাজনীতিও অন্য খাতে বইতে চলেছে।

গতকাল ঘোষণার পরেই দুই গোষ্ঠীর নেতারা প্রয়াত জয়ললিতার সমাধিতে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বিকেলে রাজ্যপাল নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ করান।

বোঝাপড়া অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে পালানিসামিই বহাল থাকছেন, সাবেক মুখ্যমন্ত্রী পনিরসেলভাম হবেন উপমুখ্যমন্ত্রী। জেল-যাত্রার কারণে জয়ললিতা যাঁকে তিনবার মুখ্যমন্ত্রী করেছিলেন সেই পনিরসেলভামের হাতে থাকবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। তা ছাড়া দলের নিয়ন্ত্রণও থাকবে পনিরসেলভামের হাতে। তাঁর তিন অনুগামীকেও মন্ত্রী করা হয়।

মিলন নিয়ে পনিরসেলভাম গোষ্ঠীর দাবি ছিল প্রধানত চারটি। জয়ললিতার মৃত্যুর প্রকৃত তদন্ত, পোয়েস গার্ডেনের বাড়িতে প্রয়াত মুখ্যমন্ত্রীর সংগ্রহশালা করা, জয়ললিতার সহচরী শশিকলা ও তাঁর আত্মীয়দের দল থেকে বহিষ্কার এবং দলের নিয়ন্ত্রণ। সোমবারই ঘোষণা করা হয়, পনিরসেলভাম হবেন দলের ‘চিফ কো-অর্ডিনেটর’। মুখ্যমন্ত্রী পালানিসামী ও কে পি মুনুসামী হবেন যুগ্ম কো-অর্ডিনেটর। এই তিনজন ছাড়া গঠিত হবে ১১ জনের একটা স্টিয়ারিং কমিটি। দলের প্রথম কাজ হবে নির্বাচনী প্রতীক ‘জোড়া পাতা’ ফিরিয়ে আনা।

জয়ললিতার মৃত্যু তদন্ত ও তাঁর বাসভবনকে সংগ্রহশালা করার দাবি মেনে নেওয়া হলেও সোমবার শশীকলা ও তাঁর অনুগামীদের বহিষ্কার সম্বন্ধে বিশেষ কিছু বলা হয়নি। দলীয় সূত্রের খবর, বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া হতে পারে।