এআইডিএমকের হাল ধরবেন শশীকলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশীকলা
শশীকলা

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী পনিরসেলভাম গতকাল শুক্রবার দ্বিতীয়বারের মতো দেখা করলেন সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দীর্ঘদিনের বান্ধবী শশীকলা নটরাজনের সঙ্গে। বৃহস্পতিবারের মতোই কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীকে নিয়ে চেন্নাইয়ে জয়ললিতার বাসভবন পোজ গার্ডেনে যান পনিরসেলভাম। এর ফলে শশীকলা বান্ধবীর দল অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাগামের (এআইডিএমকে) গুরুত্বপূর্ণ পদে আসছেন—এ গুঞ্জন আরও জোরালো হয়েছে।
শশীকলার সঙ্গে নতুন মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের বৈঠকে কী আলোচনা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে চাউর হয়ে গেছে, শশীকলাই এআইডিএমকের নতুন সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন। এর আগে ক্ষমতাবান এই পদে ২৭ বছর ধরে ছিলেন তাঁর বান্ধবী জয়ললিতা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী আজ শনিবার তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠক আহ্বান করেছেন। আজ বেলা সাড়ে ১১টায় নতুন মন্ত্রিসভার বৈঠক হতে পারে। সেখানে শুরুতেই প্রয়াত জয়ললিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। পরে নতুন মন্ত্রীরা তাঁদের দায়িত্ব বুঝে নেবেন।
জয়ললিতার বান্ধবী শশীকলা ছিলেন ভিডিও ব্যবসায়ী। চেন্নাইয়ের পোজ গার্ডেনে জয়ললিতার বাড়িতেই থাকেন তিনি। দীর্ঘদিন থেকে প্রভাবশালী বান্ধবীর ছায়াতেই ছিলেন। দলীয় বা সরকারি কোনো পদে ছিলেন না। তবে জয়ললিতার মৃত্যুর পর এখন তামিলনাড়ুর রাজনীতির মূল দৃশ্যপটে তিনি। শশীকলাই জয়ললিতার শেষকৃত্যে নেতৃত্ব দেন। মৃতদেহের পাশে ছিলেন সারাক্ষণ। জয়ললিতার অন্য স্বজনদের বেশিক্ষণের জন্য মরদেহের পাশে ভিড়তে পর্যন্ত দেননি।
জয়ললিতার গুরু এমজিআর চলে যাওয়ার পর থেকে তাঁর জীবনে সবচেয়ে কাছের মানুষটি ছিলেন শশীকলা। ক্ষমতার অপব্যবহারের কারণে শশীকলার স্বামীকে পোজ গার্ডেন থেকে হটিয়ে দিয়েছিলেন জয়ললিতা। কিন্তু তাঁর মৃত্যুর পর নটরাজন আবার পোজ গার্ডেনে হাজির।
এআইডিএমকের সবাই যে শশীকলার উত্থান নিয়ে সন্তুষ্ট তা নয়। তবে জয়ললিতা দলে কোনো উত্তরাধিকারী ঘোষণা করে যাননি। দলে দৃঢ় কোনো বিকল্প নেতৃত্বও গড়ে ওঠেনি।