এএপি থেকে বিতাড়িত চার নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ
যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ

ভারতের দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি) চার বিদ্রোহী নেতাকে শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করল। গত সোমবার গভীর রাতে এএপির শৃঙ্খলারক্ষা কমিটি এ সিদ্ধান্ত নেয়। চার বিদ্রোহী নেতা হলেন যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, আনন্দ কুমার ও অজিত ঝা। অন্তর্দ্বন্দ্বের জেরে তাঁদের আগেই দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
বহিষ্কৃত হওয়ার পর প্রশান্ত ভূষণ গতকাল মঙ্গলবার বলেন, আম আদমি পার্টি এখন হরিয়ানার খাপ পঞ্চায়েতের মতো। সেখানে একজনই নেতা। তিনি স্বৈরতন্ত্রী। বাকি সবাই মেরুদণ্ড জমা রেখে তাঁর ‘জো হুজুরে’ পরিণত।
দিল্লি বিধানসভার নির্বাচনের আগে থেকেই এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ ও তাঁর পিতা শান্তি ভূষণদের সংঘাত চলছিল। যাদব-ভূষণদের অভিযোগ, যে যে নীতির ওপর ভিত্তি করে দল গঠিত হয়েছিল, কেজরিওয়াল ধীরে ধীরে তা থেকে বিচ্যুত হয়ে হিটলারি কায়দায় দল চালাচ্ছেন। দল চালাতে কালো টাকা চাঁদা হিসেবে নিয়েছেন। অভ্যন্তরীণ গণতন্ত্রকে আমল দিচ্ছেন না। সন্দেহজনক চরিত্রের লোকজনকে টাকার বিনিময়ে টিকিট পর্যন্ত দেওয়া হয়েছে। কোনো প্রশ্ন করলেই সেঁটে দেওয়া হচ্ছে দলবিরোধী তকমা।
বিক্ষুব্ধ ব্যক্তিদের এই অভিযোগের জবাবে কেজরিওয়ালের শিবিরের অভিমত, যাদব-ভূষণেরা দলের ক্ষতি করতে চাইছিলেন। এমনকি নিজের দলকে হারাতে গত নির্বাচনে তাঁরা অন্তর্ঘাত পর্যন্ত করেছেন। অতএব, দলের স্বার্থে তাঁদের বহিষ্কার করা দরকার।
বিক্ষুব্ধ ব্যক্তিদের বহিষ্কার করার ফলে দলে কেজরিওয়ালের বিরুদ্ধ পক্ষ বলে আর কিছু থাকল না। এর ফলে সরকার ও দল চালাতে তাঁর সুবিধা হবে। কিন্তু বহিষ্কৃত ব্যক্তিদের ভাবমূর্তি এএপির পক্ষে ক্ষতিকর হতে পারে। এই বিভাজনের কারণে অন্য রাজ্যে দলের বিকাশ ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা আছে। বিশেষ করে হরিয়ানা ও পাঞ্জাবে। বহিষ্কৃত ব্যক্তি এখনো নতুন দল গঠনের সিদ্ধান্ত নেয়নি। তবে বলেছেন, যে নীতিতে তাঁরা বিশ্বাসী, সেই স্বরাজ অভিযানই তাঁরা চালিয়ে যাবেন।