এএপির কাছে গাড়ি ফেরত চান হতাশ সমর্থক
ভারতে আম আদমি পার্টির (এএপি) আদর্শে অনুপ্রাণিত হয়ে একসময় দলটিকে নিজেদের একটি গাড়ি দান করেছিলেন কুন্দন শর্মা। এখন এএপির অভ্যন্তরীণ কোন্দলে হতাশ হয়ে সেই গাড়ি ফেরত চেয়েছেন তিনি।
আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক সফটওয়্যার প্রকৌশলী কুন্দন এএপির একজন পুরোনো সমর্থক। তাঁর দেওয়া নীল রঙের ওয়াগন-আর গাড়িটি এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ব্যবহার করতেন।
এই প্রকৌশলীর ভাষ্য, তিনি ও তাঁর স্ত্রী বিভিন্ন সময় এএপিকে অর্থ সহায়তাও দিয়েছেন। টুইটারে দেওয়া এক পোস্টে সেই অর্থও ফেরত চেয়েছেন তিনি।
একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কুন্দন বলেন, গাড়িটি তাঁর স্ত্রী সারদার নামে নিবন্ধিত ছিল। তাঁরা গাড়িটি খুব একটা ব্যবহার করতেন না। গাড়িটি এএপিকে দান করতে চেয়েছিলেন তিনি। তবে এ নিয়ে প্রথমদিকে একটু দ্বিধান্বিতও ছিলেন। পরে নির্ভয়ার ঘটনায় এএপির অবস্থান দেখে গাড়িটি দান করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি।
চ্যানেলটিকে কুন্দন আরও বলেন, গাড়ি দানের প্রক্রিয়া চূড়ান্ত করতে এএপির নেতা দিলীপ পান্ডেকে ই-মেইল করেন তিনি। ২০১৩ সালের ১ জানুয়ারি কেজরিওয়াল ব্যক্তিগতভাবে তাঁর (কুন্দন) সঙ্গে কথাও বলেন। এর দুই দিন পর এএপির একজন চালক এসে তাঁর পশ্চিম দিল্লির বাড়ি থেকে গাড়িটি নিয়ে যান। এ বিষয়ে দলের পক্ষ থেকে একটি প্রাপ্তিস্বীকারপত্রও দেওয়া হয়েছে।
কেজরিওয়ালকে বিভিন্ন সময় নীল রঙের একটি ওয়াগন-আর গাড়ি ব্যবহার করতে দেখা গেছে।
নিজের ক্ষোভের কথা জানাতে গিয়ে টুইটারে কুন্দন লিখেছেন, ‘এএপিকে বহু দূর থেকে দেখে আমি কেজরিওয়ালের দারুণ ভক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু এএপিকে কাছ থেকে দেখে আমি হতাশ। চকচক করলেই সোনা হয় না।’