এএপির চ্যালেঞ্জ নিয়ে দুশ্চিন্তায় বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মিশন কাশ্মীর ৪৪+ পুরোপুরি সফল হয়নি। বিজেপি তাতে খুব একটা মনমরা নয়। খুব শিগগির পিডিপির সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা ভূস্বর্গে প্রথমবারের মতো ক্ষমতার স্বাদ পাবে। কিন্তু বিজেপির কপালে চিন্তার ভাঁজ দিন দিন গভীর করে তুলছে দিল্লির বিধানসভার ভোট। আর এক সপ্তাহ বাকি মাত্র, অথচ বিজেপি এখনো নিশ্চিত নয়, নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী করা যাবে কি না।
দলীয় কর্মীদের চনমনে করে তুলতে বিজেপির সভাপতি অমিত শাহ তাই নতুন স্লোগান দিয়েছেন, ‘মিশন টু থার্ডস’। দিয়েছেন বটে, তবে সেখানেও ঘোর সন্দেহ। এবারেও তীরে এসে তরি ডুববে না তো?
অমিত শাহের ‘মিশন টু থার্ডস’ মানে ৭০ আসনের মধ্যে অন্তত ৪৬টি আসন। চাহিদা বিশাল। তবু দল ওই টার্গেট বেঁধে দিয়েছে নিদেনপক্ষে যাতে ৩৬টি আসন আসে। কিন্তু কোনো জরিপই বিজেপিকে তা দিচ্ছে না। হিন্দুস্তান টাইমসও সি ভোটারের জরিপ বিজেপি ও আম আদমি পার্টি (এএপি) দুই দলকেই ৩১-৩৬ আসন দিচ্ছে। কংগ্রেসকে দিচ্ছে ২-৭টি। দ্বিতীয় জরিপটি করেছে এবিপি নিউজ ও এসি নিয়েলসন। তাদের হিসাবমতো, এএপি পাচ্ছে ৫৮ শতাংশ ভোট, বিজেপি ৪১ এবং কংগ্রেস ৮ শতাংশ। মুখ্যমন্ত্রী হিসেবে ৫১ শতাংশের পছন্দ অরবিন্দ কেজরিওয়াল, ৪০ শতাংশের কিরণ বেদী, কংগ্রেসের অজয় মাকেন পছন্দ ৮ শতাংশের। এই জরিপ জানার পরই অমিত শাহ, অরুণ জেটলিরা শেষ সাত দিনের ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ছকে ফেলেছেন।
মরিয়া বিজেপি ২২ জন কেন্দ্রীয় মন্ত্রী, চার রাজ্য—মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খন্ড ও পাঞ্জাবের (অকালি সহযোগী দল) চার মুখ্যমন্ত্রীকে নামিয়ে শেষ বেলায় প্রচারের ঝড় তোলার ছক কষেছে। ছোট, মাঝারি ও বড়—তিন ধরনের জনসভা, মহল্লায় মহল্লায় রোড শো, প্রচারমাধ্যমে বিজ্ঞাপনের জোয়ার। তবু গলার কাঁটার মতো খচখচ করছে একটি নাম, অরবিন্দ কেজরিওয়াল।
এই অবস্থায় সব ছাপানো নরেন্দ্র মোদিই ভরসা। দিল্লিতে প্রধানমন্ত্রীর জনসভাগুলোর প্রথমটি গতকাল শনিবার হয়ে গেল। মোদির নির্বাচনী প্রচারণায় আক্রমণের লক্ষ্যবস্তুও ছিল এএপি। দিল্লির বিশ্বাসনগরের সিবিডি ময়দানে আয়োজিত জনসভায় মোদি বললেন, আগেরবার আপনারা যাদের নির্বাচিত করেছিলেন, তারা আপনাদের পেছন থেকে ছুরি মেরেছে। কিন্তু মানুষকে সব সময় বোকা বানানো সম্ভব নয়। এএপির দিকে নিশানা করে মোদি আরও বলেন, দিল্লির জন্য একটি স্থিতিশীল সরকার দরকার।
মোদির প্রথম ভাষণের আগেই এএপি গতকাল প্রকাশ করে তাদের নির্বাচনী ইশতেহার। বিজেপি এবার ইশতেহার প্রকাশ করছে না। এএপির প্রতিশ্রুতির মধ্যে আছে, দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া, বিদ্যুতের বিল অর্ধেক করা, বিদ্যুৎ কোম্পানিগুলোর নিরীক্ষা, সস্তায় পরিবারপ্রতি মাসে ২০ হাজার লিটার পানির জোগান, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এসব।
এদিকে বিজেপির অভ্যন্তরীণ একটা প্রতিবেদন তৈরি করিয়েছেন অমিত শাহ। তাতে দেখা গেছে, কিরণ বেদীকে আগাম মুখ্যমন্ত্রী ঘোষণা দলের রাজ্যস্তরের প্রতিষ্ঠিত নেতাদের হতাশ করেছে। হতাশা কাটিয়ে কর্মীদের চাঙা করতে প্রদেশ সভাপতি সতীশ উপাধ্যায় একটা চিঠিও লিখেছেন। ‘ক্ষতি পোষাতে’ কিরণকে না এগিয়ে অন্যদের প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতিবাচক প্রচার না করে ইতিবাচক প্রচার ও মোদিকে তুলে ধরার ওপরই জোর দিচ্ছে বিজেপি। দুই পক্ষই অন্যকে চাপে রাখতে নির্বাচন কমিশনের শরণাপন্ন হচ্ছে নিত্য। কিন্তু তবু বিজেপির মনে এই শেষ বেলাতেও কী জানি কী হয় ভাব।