এএপির দিল্লিতে পানির দাম বাড়ল
ক্ষমতায় আসার এক মাসের মধ্যে দিল্লিতে পানির দাম বাড়িয়ে দিল ভারতের আম আদমি পার্টির (এএপি) রাজ্য সরকার। গত বৃহস্পতিবার এই বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভির।
দিল্লির যেসব পরিবার ২০ হাজার লিটারের বেশি পানি ব্যবহার করে, তাদের এখন পানির দাম ১০ শতাংশ বেশি দিতে হবে। দিল্লির পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত দিল্লি জল বোর্ডের (ডিজেবি) এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দরিদ্র পরিবারের জন্য ২০ হাজার লিটার পর্যন্ত পানি বিনা মূল্যে সরবরাহ করা অব্যাহত থাকবে। এ কারণে দৃশ্যত এ মূল্যবৃদ্ধির লক্ষ্য অবস্থাপন্ন পরিবারগুলো।
ডিজেবির এক বিবৃতিতে বলা হয়, বোর্ডের আর্থিক সংগতি ধরে রাখতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। গত মঙ্গলবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেন।
পানির দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস। দলের নেতা অজয় মাকেন বলেন, কেজরিওয়ালের সরকার দিল্লির মানুষের আস্থা ও বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।