এএপির সংকটের হেস্তনেস্ত আজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় এক দোলাচলে অরবিন্দ কেজরিওয়ালের দল। আম আদমি পার্টি (এএপি) মতভেদ ঘুচিয়ে অটুট থাকবে কি না, জাতীয় কার্যনির্বাহী কমিটির আজ বুধবারের বৈঠকে তা স্পষ্ট হয়ে যাবে।
দলের রাষ্ট্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠরা শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিন শীর্ষনেতা শান্তি ভূষণ, প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদবকে রাজনীতিবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়ার পক্ষে হলেও দলের একাংশ নরম মনোভাব নেওয়ার পক্ষে। তাঁরা মনে করেন, যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে, দলে তাঁদের অবদান অনেকের চেয়েও বেশি। এ অবস্থায় কেজরিওয়ালের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি গতকাল মঙ্গলবার টুইট করে দলের এই হালে ‘গভীর বেদনাহত’ হওয়ার কথা জানিয়ে বলেছেন, এটা দিল্লির মানুষের প্রতি বিশ্বাসভঙ্গ। এই কুৎসিত লড়াইয়ে তিনি নিজেকে জড়াতে চান না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আজকের বৈঠক কেজরিওয়াল এড়াতে চাইছেন কি না।
কেজরিওয়ালের ঘনিষ্ঠরা অবশ্য মনে করছেন, এখনই দ্বন্দ্বের অবসান না ঘটালে ভবিষ্যতে নেতৃত্বের সংকট দেখা দিতে পারে। এই বিতর্কের মধ্যেই ৫ তারিখ থেকে ১০ দিনের জন্য মুখ্যমন্ত্রী প্রাকৃতিক চিকিৎসা করাতে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি ডায়াবেটিসের রোগী। যখন-তখন সর্দিকাশিতেও ভোগেন। এই কদিন সরকার চালাবেন উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া।
এমন নয় যে, এএপি-তে এর আগে ভাঙন হয়নি। দুই বছর আগে দল গঠনের পর অনেকেই এসেছেন ও গেছেন। কিন্তু কেজরিওয়াল দিন দিন শক্তি সঞ্চয় করেছেন। তাঁর নেতৃত্বও প্রশ্নাতীত। এবারের এ সংকট অবশ্যই তাঁর নেতৃত্ব চ্যালেঞ্জ জানাতে নয়, সংকট দেখা দিয়েছে কিছু নীতিগত প্রশ্নে। আর সে প্রশ্ন যাঁরা তুলেছেন, তাঁরা একেবারে শুরুর দিন থেকেই কেজরিওয়ালের সঙ্গে আছেন। যেমন, অশীতিপর শান্তি ভূষণ। সাবেক এই কেন্দ্রীয় আইনমন্ত্রী দল গঠনের সময় নিজের রোজগার থেকে এক কোটি রুপি দিয়েছিলেন। তাঁরই পুত্র প্রশান্ত ভূষণ। দলের স্বার্থে সব মামলা বিনা পয়সায় তাঁরই করা। নির্বাচনের প্রার্থী পছন্দ, কংগ্রেসের মতো এএপিতে ‘হাইকমান্ড সংস্কৃতির’ জন্ম দেওয়া, ব্যক্তিভিত্তিক প্রচারকে গুরুত্ব দেওয়া তিনি মানতে পারছেন না। যোগেন্দ্র যাদব দলের তাত্ত্বিক নেতা, যিনি দলকে বড় করার জন্য যাঁকে খুশি তাঁকে নেওয়া এবং ঘুরপথে সন্দেহজনক অর্থে তহবিল বাড়ানোর বিরুদ্ধে। নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল রামদসও এঁদের সঙ্গে। এক ব্যক্তির দুই পদে থাকার বিরুদ্ধে তিনি। কেজরিওয়াল একাধারে মুখ্যমন্ত্রী ও দলের আহ্বায়ক। কিন্তু নীতিগত এসব প্রশ্নকে আমল দিতে কেজরিওয়াল ও তাঁর অনুগামীরা মোটেই রাজি নন।