এক উবারচালকের কাণ্ড

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সেখানকার মানুষের মধ্যে পক্ষে-বিপক্ষে অবস্থান এখন উত্তেজনাকর পর্যায়ে। বুধবার রাতে মুম্বাইয়ে এক উবারচালকের কাণ্ড সেটাই প্রমাণ করে। সিএএর বিরুদ্ধে কথা বলায় ট্যাক্সিতে তোলা এক যাত্রীকে পুলিশের হাতে তুলে দেন এক উবারচালক। ভুক্তভোগী ওই যাত্রীর নাম বাপ্পাদিত্য সরকার। তিনি কবি ও সমাজকর্মী হিসেবে পরিচিত।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বাপ্পাদিত্য সরকার উবারে যাত্রী হিসেবে উঠে নিজের ফোনে একজনের সঙ্গে সিএএবিরোধী কথা বলছিলেন। সেসব শুনে ওই গাড়ির চালক মাঝপথে গাড়ি থামিয়ে দেন। এটিএম বুথ থেকে টাকা তোলার কথা বলে নেমে যান গাড়ি থেকে। কিছুক্ষণ পর ওই উবারচালক দুই পুলিশ কর্মীকে নিয়ে হাজির। তাঁর গাড়ির যাত্রী সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কথা বলছেন বলে অভিযোগ করে বাপ্পাদিত্য সরকারকে ওই দুই পুলিশ কর্মীর হাতে তুলে দেন তিনি। ট্যাক্সি থেকে নামিয়ে দুই পুলিশ কর্মী বাপ্পাদিত্যকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ ঘটনার পর আরেক সমাজকর্মী কবিতা কৃষ্ণন বৃহস্পতিবার এক টুইটে বলেন, গত রাতে কবি বাপ্পাদিত্য একজন উবারচালক এবং মুম্বাই পুলিশের হাতে একটা ভীতিকর অধ্যায় কাটিয়েছেন। এটি এনপিআর, এনআরসি, সিএএর অধীনে এমন এক ভীতিকর ঘটনা, যেখানে প্রত্যেক ব্যক্তি সন্দেহ করতে প্ররোচিত হবেন, পরস্পরের বিরুদ্ধে চলে যাবেন এবং পুলিশ সবাইকে হয়রানি করতে পারবে।
এক টুইটে বাপ্পাদিত্য সরকার জানান, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি জুহু থেকে কুর্লায় যাওয়ার জন্য উবারের একটি ক্যাবে ওঠেন। ট্যাক্সিতে বসেই তিনি তাঁর বন্ধুর (মোবাইল ফোনে) সঙ্গে দিল্লির শাহিনবাগের প্রতিবাদে ‘লাল সালাম’ স্লোগান ওঠা নিয়ে মানুষের অস্বস্তির বিষয়ে আলোচনা করছিলেন। ট্যাক্সিতে তাঁর কথা শুনে পুলিশ ডেকে আনেন ওই উবারচালক। পুলিশ তাঁকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। বাপ্পাদিত্য জানান যে তিনি জয়পুর থেকে এসেছেন এবং দিনের শুরুতে মুম্বাই বাগের সিএএবিরোধী বিক্ষোভেও যোগ দিয়েছিলেন।
উবারের ওই চালক বাপ্পাদিত্য সরকারকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে বারবার অনুরোধ করতে থাকেন। তিনি বলেন, বাপ্পাদিত্য একজন কমিউনিস্ট, দেশকে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। মুম্বাইয়ে শাহিনবাগের আদলে আরও একটি আন্দোলন শুরুর কথা বলছিলেন। এমনকি ওই চালক এ–ও দাবি করেন যে তিনি যাত্রীর কথোপকথনও রেকর্ড করেছেন। তিনি পুলিশকে ওই আলাপ শোনার জন্য অনুরোধও করেন।
ওই চালক বাপ্পাদিত্যকে বলেন, ‘আপনার মতো লোকেরা দেশকে ধ্বংস করে দেবেন আর আমরা আপনার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকব। আপনার কৃতজ্ঞ হওয়া উচিত যে আমি আপনাকে অন্য কোথাও না নিয়ে গিয়ে বরং থানায় নিয়ে এসেছি।’
ওই চালকের প্রোফাইলের বর্ণনা হিসেবে লেখা রয়েছে, তিনি গাড়ি চালান। কারণ, এতে বিভিন্ন চরিত্র এবং ব্যক্তিত্ব বিষয়ে গবেষণা করতে পারেন তিনি।
বাপ্পাদিত্য বলেন, ‘ওই মুহূর্তে আমি অস্থিরতা অনুভব করেছি, কিছুটা ভীতি অনুভূত হয়েছিল এবং সারা রাত ধরে তা চলছিল।’ পুলিশ এ সময় তাঁর মতাদর্শ নিয়ে প্রশ্ন করে। এ সময় পুলিশ তাঁকে অবান্তর অনেক প্রশ্ন করে। এসব প্রশ্নের মধ্যে তাঁর বাবার বেতন কত? বেতন ছাড়া তিনি কীভাবে চলেন—এসব প্রশ্ন ছিল। এ সময় তাঁর স্লোগান দেওয়ার যন্ত্র (ডাফলি) সঙ্গে রাখা নিয়েও বারবার প্রশ্ন করা হয়।
পুলিশ শেষে দুজনের জবানবন্দি রেকর্ড করে। দীর্ঘক্ষণ বাপ্পাদিত্য সরকারকে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ শেষে রাত একটা নাগাদ আরেক আন্দোলনকর্মী এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
কৃষ্ণন টুইটে বলেছেন, পুলিশের পক্ষ থেকে বাপ্পাদিত্যকে ডাফলি সঙ্গে না রাখার এবং মাথায় লাল স্কার্ফ না পরার পরামর্শ দিয়ে বলা হয়, পরিস্থিতি ভালো না, যেকোনো কিছুই ঘটতে পারে। কৃষ্ণন তাঁর টুইট মুম্বাই পুলিশ ও উবারকে ট্যাগ করেছেন। তাঁর টুইটের জবাবে মুম্বাই পুলিশ লিখেছে, ‘আমরা আপনাকে অনুসরণ করি। ডিএম কেসের বিস্তারিত আমাদের সঙ্গে শেয়ার করুন।’
ঘটনাটি সম্বন্ধে বাপ্পাদিত্য সরকার উবার ইন্ডিয়া সাপোর্টের টুইটারে জানালে তারা বলেছে, ‘এটা উদ্বেগের। আমরা ঘটনাটিকে অগ্রাধিকার দিয়ে খতিয়ে দেখছি। দয়া করে আপনি কোথা থেকে উঠেছিলেন উবারে এ–সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করুন। সেফটি টিমের একজন সদস্য আপনার সঙ্গে যোগাযোগ করবেন।’