এক ঘণ্টা উড্ডয়নের ভাড়া ২৫০০ রুপির বেশি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের নতুন অসামরিক বিমান পরিবহন নীতি অনুমোদন করল। এই নীতিতে সময়ের হিসাবে অভ্যন্তরীণ বিমান ভাড়া বেঁধে দেওয়া হয়েছে। এক ঘণ্টা উড়ানের ভাড়া আড়াই হাজার টাকার বেশি হবে না, আধা ঘণ্টার উড়ানের ভাড়া হতে হবে ১ হাজার ২০০ রুপির মধ্যে। দেশের চার কোনায় আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য সব ধরনের বিমান টিকিটের ভাড়ার ওপর ২ শতাংশ লেভি বসানো হবে। এই অর্থ যোগাযোগ বৃদ্ধির কাজে লাগানো হবে।
গতকাল বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিমান নীতি অনুমোদনের পর অসামরিক বিমান পরিবহনমন্ত্রী অশোক গজপতি রাজু জানান, এর ফলে সাধারণ মানুষের কাছে বিমান যাত্রা অধরা থাকবে না। দেশের ছোট ছোট শহরের মানুষদের জন্যও সুলভে নিরাপদ বিমান পরিষেবা দেওয়া যাবে। এর ফলে দেশের সর্বত্র পরিকাঠামোর উন্নতি যেমন হবে, তেমনই আঞ্চলিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও একটা ভারসাম্য আসবে। তা ছাড়া এই নীতিতে সবচেয়ে উপকৃত হবে পর্যটন ক্ষেত্র।
আন্তর্জাতিক বিমান পরিবহনের ক্ষেত্রে এত দিন যে শর্ত ছিল, নতুন নীতিতে তারও পরিবর্তন ঘটানো হয়েছে। এত দিন পাঁচ বছরের বিমান চালানোর অভিজ্ঞতা ও কম করে ২০টি বিমানের বহর থাকা জরুরি ছিল। এই নীতিতে পাঁচ বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এর ফলে এয়ার এশিয়া ও এয়ার ভিসতারার মতো নতুন এয়ারলাইনস উপকৃত হবে।