এক ডোজের স্পুতনিক অনুমোদন দিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার উদ্ভাবিত এক ডোজের নতুন টিকা স্পুতনিক লাইট
ছবি: রয়টার্স

নতুন করোনা শনাক্ত হ্রাসের মধ্যেই টিকাদান কর্মসূচির পরিসর বাড়াতে এক ডোজের নতুন একটি কোভিড টিকার অনুমোদন দিয়েছে ভারত। খবর বিবিসির।
গত রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানকুশ মান্ডাভিয়া টুইট করে রাশিয়ার উদ্ভাবিত নতুন টিকা স্পুতনিক লাইট ব্যবহারের অনুমোদন দেওয়ার কথা জানান। এ নিয়ে ভারত মোট নয়টি কোভিড টিকা ব্যবহারের অনুমোদন দিল। এর মধ্যে তিনটি টিকা ভারতেই উৎপাদন করা হচ্ছে। গত বছরের জানুয়ারির মাঝামাঝি কোভিড টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত প্রায় ১৭০ কোটি টিকা দেওয়া হয়েছে ভারতে।

দেশটির প্রাপ্তবয়স্ক ৭৬ শতাংশ মানুষ টিকার দুই ডোজ এবং ৯৯ শতাংশের বেশি মানুষ টিকার অন্তত এক ডোজ নিয়েছেন। এ ছাড়া গত ১০ জানুয়ারি ভারতে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মী ও আগে থেকে অসুস্থ ষাটোর্ধ্ব মানুষকে টিকার বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গত জানুয়ারি মাসে ভারতে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। এই বয়সীদের ৬৬ শতাংশের বেশি ইতিমধ্যে টিকার ডোজ নিয়েছেন।

অতিসংক্রামক ধরন অমিক্রনের প্রকোপে ভারতে গত জানুয়ারিতে করোনা শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। বিগত কিছুদিন দেশটিতে দৈনিক এক লাখের বেশি করোনা শনাক্ত হয়। গত ২০ জানুয়ারি দেশটিতে এক দিনে ৩ লাখ ৪৭ হাজার করোনা রোগী শনাক্ত হন। তবে দৈনিক শনাক্ত এখন অনেকটা কমেছে।