এক তরুণীর বর্ণনায় শ্লীলতাহানির সেই রাত

‘দুজন ব্যক্তি প্রথমে ভিড় থেকে বেরিয়ে আমাকে অনুসরণ করে হাঁটতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায়, অন্য দিকে হাঁটা শুরু করি। ধীরে ধীরে ওই দুই ব্যক্তি আমার একদম কাছে চলে আসে। একপর্যায়ে তারা আমাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে দেয়। আমার শ্লীলতাহানি করে। অন্যরা সবাই নিশ্চুপ দেখছিল বিষয়টি।’
নববর্ষের প্রথম প্রহরে ভারতের বেঙ্গালুরুতে নারীদের শ্লীলতাহানির ঘটনায় এভাবেই নিজের শ্লীলতাহানির বিবরণ দিয়েছেন এক তরুণী। গতকাল মঙ্গলবার রাতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্লীলতাহানির লোমহর্ষক বিবরণ দেন ওই তরুণী।
আজ বুধবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর নাম চৈতালি ওয়ানসিক। তিনি পেশায় একজন আলোকচিত্রী।
চৈতালি ওয়ানসিক বলেন, ‘আলোকচিত্রী হওয়ার কারণে কাজের জন্য রাতে প্রায় সময় বাইরে বেরোতে হয়। সেদিন কাজ শেষে বাড়ি ফিরছিলাম। রাস্তায় হাজারো মানুষ। হঠাৎ দুজন ব্যক্তি ভিড়ের ভেতর থেকে বেরিয়ে আমাকে অনুসরণ করতে থাকে। বিষয়টি সন্দেহ হওয়ায় তাদের এড়িয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। কিন্তু তারা দ্রুত আমার একদম কাছে চলে আসে। একজন আমাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করে দেয়। প্রথমে কিছুই বুঝে উঠতে পারিনি। কী ঘটতে যাচ্ছে, তা-ও বুঝতে পারিনি। তারপর একসময় বুঝতে পারি যে আমার শ্লীলতাহানি করা হচ্ছে।’
চৈতালি আরও বলেন, ‘বোঝামাত্রই আমি ওই দুই ব্যক্তিকে আঘাত করতে থাকি। উল্টো তারাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে পারেনি যে আমি তাদের এভাবে আঘাত করতে পারি। আমি একনাগাড়ে কিল ও লাথি দিতে থাকি। একসময় ১৫ থেকে ২০ জন মানুষ এসে আমাকেই সরিয়ে দিচ্ছিল। এ কারণে ওই দুই ব্যক্তিকে আর মারতে পারিনি। এই সুযোগেই তারা ভিড়ের ভেতর হারিয়ে যায়।’
সাক্ষাৎকারে ওই তরুণী বলেন, ‘ওই দুই ব্যক্তি ছাড়া পেতে জোরাজুরি করায় আমার হাত কেটে গেছে। কালশিটা দাগ হয়েছে। আমি তাদের পুলিশে দেওয়ার জন্য টানছিলাম। কিন্তু অন্য মানুষ আমাকে সরিয়ে দেওয়ায় তা আর পারিনি। ভিড়ের ভেতর পালাতে পালাতে একজন বলছিলেন, “আমি এই মেয়ের সঙ্গে কিছু করিনি। আমি তাকে চিনি না। সে নিজে নিজে একটা গল্প বানাতে চাইছে।” আর অন্য মানুষ সহজেই তা বিশ্বাস করে নিল।’
চৈতালি ওয়ানসিক বলেন, ‘বেঙ্গালুরু কখনোই এমন ছিল না। দুই বছর ধরে আমি এখানে কাজ করি। আমি ভয় পাইনি, তবে উদ্বিগ্ন যে রাতে বাড়ি ফিরতে গিয়ে যদি আবারও একই ঘটনা ঘটে? কোনো পুলিশ তো আমাকে উদ্ধারে এগিয়ে আসবে না।’ তিনি বলেন, যারা এই অসংখ্য নারীর শ্লীলতাহানি করল, তাদের কি মা-বোন-স্ত্রী নেই? তাদের সঙ্গে যদি এমন ঘটত, তাহলে কেমন লাগত। আর এ ঘটনায় দেশের রাজনীতিবিদেরাও কী ধরনের বক্তব্য দিচ্ছেন। এ কারণেই কি মানুষ তাঁদের সম্মান করে? এ বিষয়ে রাজনীতিকদের বিতর্কিত বক্তব্যের জন্য তাঁদের ক্ষমা চাইতে বলেন তিনি।
এদিকে সিসিটিভির ফুটেজে ওই রাতের ঘটনা প্রকাশিত হয়েছে। শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় অবশেষে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, বর্ষবরণের রাতে প্রধান সড়ক থেকে বাসায় যাওয়ার উদ্দেশে এক তরুণী একা হাঁটতে হাঁটতে গলিতে ঢুকে পড়েন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন এসে তাঁর সামনে দাঁড়ান। মোটরসাইকেল থেকে একজন নেমে ওই তরুণীকে হঠাৎ জড়িয়ে ধরেন। জোরাজুরি ও বাধা সত্ত্বেও ওই তরুণীকে গলির কোণে নিয়ে যান তিনি। এরপর তাঁর সহযোগী মিলে ওই তরুণীকে যৌন নির্যাতন করেন। এ সময় ওই তরুণী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। পরে ওই দুই ব্যক্তি তরুণীকে গলির ওপর ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যান।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা হেমন্ত নিম্বলকর বলেন, ‘বিষয়টি তদন্তে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। ওই তরুণী কোনো অভিযোগ দায়ের করেননি। আমরা ওই তরুণীকে খুঁজে তাঁর কাছ থেকে তথ্য নেব।’
৩১ ডিসেম্বর নববর্ষের রাতে বেঙ্গালুরুর এমজি রোডে হাজারো মানুষের সমাগম হয়। সেখানে অসংখ্য তরুণী ও নারীদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাহায্যের জন্য চিৎকার করেও কারও সাড়া পাননি নারীরা। আরও অভিযোগ, ঘটনাস্থলে থাকা প্রায় দেড় হাজার পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
এ ঘটনা প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছেন সমাজবাদী দলের বিধায়ক আবু আজমি ও কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। তাঁরা দুজনই শ্লীলতাহানির জন্য তরুণীদের ‘ছোট পোশাককে’ দায়ী করেছেন। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চেয়ে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছেন ন্যাশনাল কমিশন ফর ওমেনের প্রধান ললিতা কুমারামঙ্গলাম। শুধু তা-ই নয়, নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর ও আবু আজমির বিরুদ্ধে সমন জারি করেছে এই কমিশন। কমিশনে তাঁদের ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ কেন নীরব ভূমিকা পালন করেছে, তা-ও জানতে চেয়েছে কমিশন।
আরও পড়ুন...
তরুণীদের ‘ছোট পোশাককে’ দায়ী করলেন বিধায়ক!