‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করতে পশ্চিমবঙ্গকে নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সুপ্রিম কোর্ট
ছবি: এএফপি

ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, পশ্চিমবঙ্গসহ ভারতের সব রাজ্যকেই এক দেশ এক রেশন কার্ড চালুর ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ গতকাল শুক্রবার এক নির্দেশে এ কথা বলেন।

ভারতের মৌসুমি শ্রমিকদের কল্যাণ ও রেশন–ব্যবস্থা নিয়ে করা একটি মামলা করা হয়েছিল। এই মামলা করার অন্যতম কারণ, পশ্চিমবঙ্গে এখনো এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু হয়নি। কিন্তু এই রাজ্যের বহু মানুষ রুটিরুজির জন্য রাজ্যের বাইরে কাজ করতে যায়। কিন্তু তাদের থাকছে না ওই রাজ্যের রেশন কার্ড। ফলে তাদের পশ্চিমবঙ্গে থাকা রেশন কার্ড দিয়ে ওই রাজ্যে তুলতে পারছে না রেশন। ফলে ভিন্ন রাজ্যে পাড়ি জমিয়েও অভাব ঘুচছে না, পাচ্ছে না রেশন। তাই এই মৌসুমি শ্রমিকদের রুটিরুজির প্রশ্নে পশ্চিমবঙ্গে অবিলম্বে এক দেশ এক রেশন কার্ড চালু করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চ এদিন আবেদনকারী আইনজীবীদের কাছে জানতে চান, কেন পশ্চিমবঙ্গে এক দেশ এক রেশন কার্ড চালু হয়নি?

এরপরই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, এ নিয়ে কোনো অজুহাত চলবে না। মৌসুমি শ্রমিকদের স্বার্থে অবিলম্বে পশ্চিমবঙ্গে কার্যকর করতে হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন, ‘আগে সুপ্রিম কোর্টের নির্দেশ দেখি, এরপরই রাজ্য সরকার বিষয়টি দেখবে।’

তৃণমূল কংগ্রেস–শাসিত পশ্চিমবঙ্গ, বিজেপি–শাসিত আসাম, আম আদমি পার্টি–শাসিত দিল্লি ও কংগ্রেস–শাসিত ছত্তিশগড় রাজ্য এখনো চালু করেনি এই ব্যবস্থা। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কেন পশ্চিমবঙ্গে থাকা ভিন রাজ্যের রেশন কার্ড গ্রাহকেরা এই সুবিধা পাবে? একমাত্র পশ্চিমবঙ্গেই রাজ্য সরকারের নিজস্ব খরচে ৪ কোটির বেশি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়।

যদিও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে এই রাজ্যের ৪০ লাখ বাঙালি শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন। তাঁরা সেখানে রেশন না পেলে জীবন ধারণ করা কঠিন হয়ে পড়বে।