প্রতিরক্ষা খাতে বিশ্বের এক নম্বর আমদানিকারক দেশ হিসেবে আর থাকতে চায় না ভারত। গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এখন থেকে ভারত ৭০ ভাগ সামরিক সরঞ্জাম দেশেই তৈরি করতে চায়। খবর এনডিটিভির।
দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে গতকাল বিমান সরঞ্জাম শিল্পের প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নরেন্দ্র মোদি। তিনি দেশি-বিদেশি ব্যবসায়ীদের এ সময় বলেন, তাঁর সরকার এসব সরঞ্জাম তৈরিতে দেশীয় প্রতিষ্ঠানকে সহায়তা দেবে।
মোদি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক হিসেবে আমাদের নাম রয়েছে। এ কথাটি শুনতে ভালো। তবে এই খাতে আর এক নম্বর হিসেবে থাকার ইচ্ছা আমাদের নেই। আমরা অস্ত্র আমদানির নীতিমালায় পরিবর্তন আনছি। পরিবর্তিত নীতিমালায় ভারতে অস্ত্র সরঞ্জাম তৈরির স্পষ্ট নির্দেশনা রাখা হচ্ছে।’
ভারত দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। তারা এখন পুরোনো সামরিক সরঞ্জাম বাদ দিতে চায়। মোদি সরকার ক্ষমতায় আসার পর সম্প্রতি দেশটি এই খাতে বিদেশি বিনিয়োগের দ্বার খুলে দিয়েছে।
আগের কংগ্রেস সরকারের অস্ত্র কেনার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার। তবে এ ক্ষেত্রেও দেশীয় সামরিক শিল্প প্রাধান্য পাবে। অনুষ্ঠানে মোদি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সরকারের মোট কেনা সামরিক সরঞ্জামের ৭০ ভাগই দেশে তৈরি হবে। এখন ভারত মোট সামরিক সরঞ্জামের ৪০ ভাগ দেশ থেকে কেনে।
মোদি মনে করেন, এর ফলে ভারতের অর্থনীতিতেও একটি বড় ইতিবাচক পরিবর্তন ঘটবে। তিনি বলেন, ‘একটি দেশে যদি সমৃদ্ধ সামরিক শিল্প থাকে, তবে সেটা কেবল নিরাপত্তার দিক থেকেই ইতিবাচক না। এর অর্থনৈতিক সুবিধাও যথেষ্ট। এখনো দেশের প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের ৬০ ভাগই আমদানি করতে হয়। আমরা শত শত কোটি ডলার এই খাতে ব্যয় করছি।’
নরেন্দ্র মোদি বলেন, ভারতের অস্ত্র কেনার পেছনে খরচের ৩০ থেকে ২৫ শতাংশ কমানো গেলে দেশেই এক লাখ থেকে এক লাখ ২০ হাজার দক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করা যাবে।