এক বছর বিরতির পর জানুয়ারিতে শুরু হচ্ছে কলকাতা বইমেলা
করোনাভাইরাসের কারণে ২০২১ সালে কলকাতায় ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়নি। উদ্যোক্তারা কয়েক দফা মেলার তারিখ পরিবর্তন করলেও শেষমেষ বইমেলার আয়োজন করতে পারেননি তাঁরা। সম্প্রতি কলকাতাসহ বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালে বইমেলা আয়োজনের অনুমতি দিয়েছে।
শুক্রবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বইমেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড।’ এ সময় সংগঠনের সভাপতি সুধাংশু শেখর মেলার দিনক্ষণ ঘোষণা করেন। আগামী ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বইমেলায় বাংলাদেশকে নিয়ে নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষকে ঘিরেও থাকবে অনুষ্ঠান।
এবার কলকাতা বইমেলা ৪৫ বছরে পা দিচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ঘিরে এ বছরের বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ হবে। কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেলায় বাংলাদেশও অংশ নেওয়ার কথা রয়েছে।