ভারতের বড় এক করপোরেট কেলেঙ্কারি

করপোরেট দুনিয়ায় সাধারণের চোখের আড়ালে ঘটে অনেক কিছুই। সেখানে থাকে নানা মাত্রার কেলেঙ্কারি। তবে কখনো কখনো বড় কিছু কেলেঙ্কারির কথা বাইরেও চলে আসে। এমনই এক কেলেঙ্কারি ‘সত্যম কেলেঙ্কারি’। ভারতের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সত্যম কম্পিউটার্সে এই কেলেঙ্কারিতে শেয়ার হোল্ডারদের ২০০ কোটি ডলারেরও বেশি ক্ষতি হয় এবং এটি ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পকে কাঁপিয়ে দিয়েছিল।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের করপোরেট দুনিয়ায় ঘটে যাওয়া বড় ধরনের আর্থিক দুর্নীতির মধ্যে ‘সত্যম কেলেঙ্কারি’ শীর্ষেই থাকবে। আর বিবিসি অনলাইন বলছে, ভারতের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় ধসের এই কেলেঙ্কারিকে যুক্তরাষ্ট্রের ‘এনরন’ কোম্পানির কেলেঙ্কারির সঙ্গে তুলনা করা যেতে পারে।
আজ বৃহস্পতিবার সত্যম কেলেঙ্কারির মামলায় সত্যম কম্পিউটার্সের প্রতিষ্ঠাতা রামলিঙ্গ রাজুসহ ১০ জনকে দোষী সাব্যস্ত করেছেন ভারতের হায়দরাবাদের একটি আদালত। ২০০৯ সালে ওই সংস্থাটির বিরুদ্ধে প্রায় সাত হাজার কোটি রুপির আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সত্যমের প্রতিষ্ঠাতা রাজু, তাঁর ভাই, প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাসহ ১০ জনকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। তাঁদের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করা হয়েছিল।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, সত্যম কেলেঙ্কারির ছয় বছর পর আজ হায়দরাবাদের বিশেষ আদালত রাজুকে সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি রুপি জরিমানা করেছেন। ইতিমধ্যে রাজু ৩২ মাস কারাগারে কাটিয়েছেন।
রামলিঙ্গ রাজু তাঁর বিরুদ্ধে আনা ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। তবে ২০০৯ সালের জানুয়ারিতে কোম্পানির হিসাবের খাতায় গোঁজামিলের কথা স্বীকার করেছেন। আইনজীবীদের ভাষ্য, এটি একটি পরিকল্পিত কেলেঙ্কারি।
বিবিসির সাংবাদিক সিমন অ্যাটকিনসন এই ঘটনাকে বৃহৎ প্রতারণার ঘটনা বলে উল্লেখ করেন এবং এই প্রতিষ্ঠানের ধসকে ‘ইন্ডিয়ান এনরন’ বলেন।
মার্কিন প্রতিষ্ঠান এনরন করপোরেশন বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস ও পণ্য সেবাসহ নানা সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। ২০০১ সালের ২ ডিসেম্বর প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। প্রতিষ্ঠানটিতে ২০ হাজার কর্মী ছিল। ‘ফরচুন’ সাময়িকীর চোখে এনরন টানা ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ছিল। দেউলিয়া হওয়ার এক বছর আগেও প্রতিষ্ঠানটির আয় দেখানো হয়েছিল এক হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি। অথচ বছর ঘুরতে না ঘুরতেই প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এর কারণ হিসেবে প্রতিষ্ঠানটির ‘আর্থিক হিসাবে গোঁজামিল’ দেওয়ার বিষয়টি উঠে আসে। তখন থেকেই করপোরেট জগতে ইচ্ছাকৃত প্রতারণা ও দুর্নীতির উদাহরণ হয়ে ওঠে এনরন কোম্পানিটি।
ভারতের বর্ধিষ্ণু সফটওয়্যার বাজারে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত ছিল সত্যম কম্পিউটার্স। প্রতারণার কারণে ৫০ হাজার কর্মী বিপদে পড়ে যান। তবে সরকারি হস্তক্ষেপে কর্মীরা রক্ষা পান। ওই বছরই টেক মাহিন্দ্রা এই কোম্পানির কিছু অংশ কিনে নেয়।