এক মঞ্চে বুদ্ধদেব-রাহুল

দীর্ঘদিন একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ সিপিএম আর কংগ্রেস নেতাদের দেখা গেল একই মঞ্চে। কলকাতার পার্ক সার্কাস ময়দানে আজ বুধবার কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাহুল গান্ধী আর সিপিএম নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। অনেক দিন ধরেই এ দুই দল বিপরীত মেরুতে অবস্থান করে আসছিল। এর মধ্যে দিয়ে কলকাতা ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে রইল।
এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই দুই দল এক হয়ে নির্বাচনী জোট গড়ে। সেই জোটেরই এক নির্বাচনী জনসভায় আজ সন্ধ্যায় কলকাতায় আসেন রাহুল গান্ধী। পার্ক সার্কাস ময়দানে কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় এ জনসভার। ময়দান মঞ্চে রাহুলের বাঁ দিকে বসেন বুদ্ধদেব আর ডান দিকে কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী। সভামঞ্চে বুদ্ধদেব এলে কংগ্রেস নেতারা করতালির মধ্যে মালা দিয়ে বরণ করেন রাহুল-বুদ্ধকে। এই দুই নেতা এ জনসভা থেকে ভোট চান বাম-কংগ্রেস জোট প্রার্থীদের জন্য। আর একহাত নেন তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে। জানিয়ে দেন, এবার পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটই সরকার গড়ছে।
পার্ক সার্কাস ময়দানে আয়োজিত ওই জনসভায় প্রথম বক্তব্য দেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকারকে উচ্ছেদ করাই আমাদের আশু লক্ষ্য। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বাংলা।’
বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, ‘আজকের এ ধরনের সমাবেশ এক ঐতিহাসিক ঘটনা। মানুষ আজ এ ধরনের সমাবেশ প্রথম দেখল। গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছে তৃণমূল সরকার। নতুন কারখানা হয়নি। বন্ধ হয়েছে পুরোনো কারখানা। রাজ্যে চলছে সন্ত্রাসের শাসন। চলছে সমাজবিরোধীদের সরকার। এই সরকারকে আমাদের পরাস্ত করতে হবে। স্লোগান দিতে হবে “তৃণমূল হটাও, বাংলা বাঁচাও”।’ বুদ্ধদেব ভট্টাচার্য জোর দিয়ে বলেন, ‘বাম-কংগ্রেস জোটই এবার জিতবে। আমরাই গড়ব এই রাজ্যে আগামীর সরকার।’
রাহুল গান্ধী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যে পাঁচ বছর আগে ক্ষমতায় এসেছিল মমতার সরকার। কিন্তু এসেই ভুলে যান প্রতিশ্রুতি। আমরাও সেদিন মমতার কথায় বিশ্বাস করে তাঁর পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু সব প্রতিশ্রুতি ভঙ্গ করে মমতা জড়িয়ে পড়েন দুর্নীতিতে। সারদা-কাণ্ড, নারদ-কাণ্ড, উড়ালসড়ক দুর্ঘটনা—সবই মমতার দুর্নীতির ফসল।’ তিনি বলেন, উড়ালসড়কে ব্যবহার করা হয়েছিল নিম্নমানের মালামাল। বাম-কংগ্রেস জোট ক্ষমতায় এলে সব দুর্নীতির তদন্ত¯হবে। সারদায় আত্মসাৎ হওয়া গরিবের টাকা ফিরিয়ে দেওয়া হবে।
এর আগে দুপুরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে এক জনসভায় যোগ দিয়ে তৃণমূলকে একহাত নেন রাহুল। তিনি বলেন, মমতা ও মোদি দুজনই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। মোদি বলেছিলেন, দুই কোটি বেকারকে চাকরি দেবেন। আর মমতা বলেছিলেন ৭০ লাখ বেকারকে চাকরি দেবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি এই দুই নেতা। চাকরি পাননি বেকাররা। রাহুল গান্ধী আরও বলেছেন, মোদির রাজ্য গুজরাটে হাজার কোটি টাকার পেট্রোলিয়াম দুর্নীতি হয়েছে। এবার সেই দুর্নীতির কীর্তি ভারতের সংসদে ফাঁস করবে কংগ্রেস।