এক মিশনেই ১০৪ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ভারতের
এক মিশনেই ১০৪টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে রেকর্ড গড়ে বসল ভারত। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র থেকে গতকাল বুধবার এক রকেটেই কৃত্রিম উপগ্রহগুলো মহাকাশে পাঠানো হয়।
ভারতের আগে এক মিশনে সর্বোচ্চ সংখ্যক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর রেকর্ডটি ছিল রাশিয়ার ঝুলিতে। ২০১৪ সালের ওই মিশনে দেশটি এক রকেটে ৩৭টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছিল।
ভারতের উৎক্ষেপণ করা কৃত্রিম উপগ্রহগুলোর তিনটি বাদে বাকি সব কটি বিদেশি। এগুলোর মধ্যে ৯৬টিই যুক্তরাষ্ট্রের। ইসরায়েল, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসেরও একটি করে কৃত্রিম উপগ্রহ রয়েছে। পর্যবেক্ষকেরা বলছেন, এই রেকর্ডের মাধ্যমে শতকোটি ডলারের মহাকাশ বাজারে ভারতের বড় ক্রীড়নক হয়ে ওঠার লক্ষণ স্পষ্ট হয়েছে।
কৃত্রিম উপগ্রহগুলোর উৎক্ষেপণ প্রকল্পের পরিচালক বি জয়কুমার উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘এটা আমাদের প্রত্যেকের জন্য বড় একটা মুহূর্ত। আজ (বুধবার) আমরা ইতিহাস গড়লাম।’
ভারতের প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, ‘আইএসআরওর (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) এই অসামান্য কৃতিত্ব জাতি এবং মহাকাশ গবেষকদের জন্য আরেকটি গর্বের মুহূর্ত। ভারত আমাদের বিজ্ঞানীদের স্যালুট করছে।’
উৎক্ষেপণ করা প্রতিটা কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপনের পর প্রতি ঘণ্টায় ২৭ হাজার কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এই গতি একটি যাত্রীবাহী উড়োজাহাজের চেয়ে ৪০ গুণ বেশি। উপগ্রহগুলো বহনকারী রকেটটির নাম পিএসএলভি-সি ৩৭, যার ওজন ৩২০ টন। আর লম্বায় ৪৪ দশমিক ৪ মিটার।
উৎক্ষেপণ করা কৃত্রিম উপগ্রহগুলোর মধ্যে প্রধানটি কার্টোস্যাট-২ সিরিজের। এর ওজন ৭১৪ কেজি।