একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না: বিজেপির সংখ্যালঘু মোর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজারহাটে গতকাল সোমবার আন্দোলন করে বাম দল। ছবি: ভাস্কর মুখার্জি
রাজারহাটে গতকাল সোমবার আন্দোলন করে বাম দল। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে এখনো দেশজুড়ে প্রতিবাদ চলছে। গতকাল সোমবার প্রতিবাদের চতুর্থ দিনে পশ্চিমবঙ্গে ব্যাপক তাণ্ডব হয়। বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করা হয়। রেল অবরোধসহ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় রাস্তায় টায়ার পুড়িয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়।

তেতে ওঠা আন্দোলনের মুখে গতকাল রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার পশ্চিমবঙ্গের সভাপতি আলি হোসেন বলেন, ভারতে একজন মুসলিমও নাগরিকত্ব হারাবেন না। তিনি প্রশ্ন তুলেছেন, ভুল বুঝিয়ে কেন এই আন্দোলন হবে? নাগরিকত্ব সংশোধনী আইনে মুসলিমদের কোনো সমস্যা নেই। যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছেন, তাঁদের জন্য এই আইন। ভারতে বসবাসরত মুসলিমদের জন্য নয়।

আলি হোসেন বলেন, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে মুসলিমদের তাড়িয়ে দেবে। তিনি প্রশ্ন করেন, ‘দেশের ২০ কোটি মুসলিমদের তাড়ানো বললেই কি তা সম্ভব? এসব প্রচার বিজেপিবিরোধীদের। দেশকে ভালোবেসে যেসব মুসলিম দেশভাগের সময় এখান থেকে চলে না গিয়ে থেকে গেছেন, তাঁদের জন্য কোনো সমস্যা নেই।’

গতকাল এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কলকাতায় প্রতিবাদ মিছিলে যোগ দেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোড থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কবিগুরুর স্মৃতিবাহী জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি প্রাঙ্গণে। আজ মঙ্গলবার মমতা দ্বিতীয় দিনের প্রতিবাদ মিছিলে শামিল হবেন। বেলা একটার দিকে মিছিলটি শুরু হবে দক্ষিণ কলকাতার এইট-বি বাসস্ট্যান্ড থেকে, যাবে যদুবাবুর বাজার পর্যন্ত। আগামীকাল বুধবার বেলা একটায় মিছিল বের হবে হাওড়া ময়দান থেকে, যাবে কলকাতার ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত।

বাম দলও গতকাল সোমবার থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসিবিরোধী তিন দিনের এক আন্দোলন শুরু করেছে। আগামী বৃহস্পতিবার দেশব্যাপী সংহতি দিবস পালনের ঘোষণা দিয়েছে তারা। গতকাল সোমবার উত্তর চব্বিশ পরগনা, হাওড়াসহ কলকাতার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাম দলগুলো। রাজারহাটের হিডকোর কাছে বিক্ষোভ সমাবেশে এনআরসির প্রতিলিপি পোড়ান পশ্চিমবঙ্গের বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। বিভিন্ন স্থানের প্রতিবাদ সমাবেশে যোগ দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সাবেক বাম সাংসদ মহম্মদ সেলিম, শমীক লাহিড়ি প্রমুখ বাম নেতারা।

আন্দোলনের নামে পশ্চিমবঙ্গে অশান্তি ছড়ানোর দায়ে গত তিন দিনে ৩৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্য সচিবালয় নবান্ন থেকে এ তথ্য জানানো হয়।