একজনের লাশ অন্যকে হস্তান্তর, জরিমানা ২৫ লাখ রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার একটি হাসপাতালকে ২৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একজনের মৃতদেহ অন্যজনের পরিবারের কাছে হস্তান্তর করায় এরনাকুলাম মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালকে এ জরিমানা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বাবা পুরুষাথামানের মরদেহ তাঁর মেয়েকে না দিয়ে পি কান্থি নামের একজনের মরদেহ দেওয়া হয়। কিন্তু প্রয়াত পুরুষাথামানের মেয়ে ওই লাশ নিতে অস্বীকার করলেও হাসপাতাল থেকে দাবি করা হয়, এটিই তাঁর বাবার মরদেহ। আর প্রয়াত কান্থির পরিবারকে দেওয়া হয় পুরুষাথামানের মরদেহ। এরপরই তাঁদের শেষকৃত্যও হয়ে যায়।

পুরুষাথামান ও পি কান্থি ওই হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে মারা যান।

২০১০ সালের ডিসেম্বরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুরুষাথামান। দুদিন তাঁর মরদেহ হাসপাতালে রাখা হয়। এরপরই ওই হাসপাতালে মারা যাওয়া পি কান্থি নামের অন্য এক ব্যক্তির লাশ পুরষাথামানের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ পুরুষাথামানের কি না, এটা নিয়ে সন্দেহ হলে তাঁর মেয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এটাই পুরুষাথামানের মরদেহ। যদিও এটা পি কান্থির মরদেহ। ওই দুই ব্যক্তির শেষকৃত্য করা হয়।

২০১১ সালের জানুয়ারিতে বাবার মরদেহ না পাওয়া এবং অন্যর মরদেহ হস্তান্তর করা নিয়ে ভোক্তা আদালতে অভিযোগ করেন পুরুষাথামানের মেয়ে। তিনি এর জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণের মামলা করেন। ভোক্তা আদালত এ অভিযোগ আমলে নিয়ে ওই হাসপাতালের দাবি নাকচ করে দেন। বিচারক কেরালার এরনাকুলাম মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালকে ২৫ লাখ রুপি জরিমানা করেন। বিচারক এই জরিমানাকে ‘যুক্তিসংগত’ মনে করেছেন।

দেশটির ভোক্তা আদালত বলেন, ওই নারী তার পিতার শেষকৃত্য করতে না পারায় ‘মানসিক যন্ত্রণা’র মধ্যে আছেন।