একজনের সিদ্ধান্তে নোট বাতিল বড় ভুল: পি চিদাম্বরম
‘নোট বাতিলের মতো এত বড় সিদ্ধান্ত ভারতের মতো গণতান্ত্রিক দেশে কখনো একজন নিতে পারেন না। এ ক্ষেত্রে অর্থসচিব, ব্যাংকিং সচিব এবং মুখ্য আর্থিক উপদেষ্টা—এই তিনজনের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল। কিন্তু ৭০ দিন ধরে এই তিনজনেরই কেউ কোনো কথা বলেননি।’ ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মোদি সরকারের সমালোচনা করে এসব কথা বলেন ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
গতকাল শনিবার টাটা স্টিল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক এই অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, নোট বাতিলের সিদ্ধান্তে কী লাভ হয়েছে, তা এখনো স্পষ্ট হয়নি। এ ছাড়া সব ধনীর হিসাবেই যে কালো টাকা গচ্ছিত আছে, এমন মনে করারও কারণ নেই। তিনি মনে করে, নোট বাতিলের সিদ্ধান্তে একমত না হওয়ার কারণেই রিজার্ভ ব্যাংকের গভর্নর পদ থেকে সরতে হয়েছে রঘুরাম রাজনকে।
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের ঘোষণার পরে গুজব ছিল যে এই সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন না বলে আগেই রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রঘুরাম রাজন। এ কথা সত্য বলে মনে করেন চিদাম্বরম।
সাবেক অর্থমন্ত্রীর অভিযোগ, নগদের জোগান এখনো স্বাভাবিক হয়নি। বিশেষ করে গ্রামাঞ্চলে। কমপক্ষে ৪০ শতাংশ এটিএমে বুথে পর্যাপ্ত রুপি নেই। বন্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে ৮০ শতাংশ ছোট-মাঝারি শিল্প।
এ সময় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, শুধু আয়করে কিছু ছাড় দিয়ে লাভ নেই। তার সুবিধা আর কয়জন পাবেন? পরোক্ষ করের বোঝা কমালে সাধারণ মানুষ সুবিধা পাবে। চাঙা হবে নোট বাতিলের জেরে ঝিমিয়ে পড়া চাহিদা। কিছুদিনের মধ্যে ভারতের নতুন বছরের বাজেট ঘোষণা করা হবে।
গত বছরের ৮ নভেম্বর হঠাৎ করেই এক সরকারি ঘোষণায় ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। নোট বাতিলের ওই সিদ্ধান্তের কারণে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হয় দেশজুড়ে। যার জের এখনো চলছে দেশটিতে। সরকারের এ সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেন অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রীরা।