একতার মোড়কে বিভেদের কথা আরএসএস প্রধানের

একতার কথা বলে বিভেদের বীজ বুনলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। আজ রোববার ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় আরএসএসের ডাকে প্রথম প্রকাশ্য সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে বারবার উঠে এলো শুধু হিন্দুত্বের কথাই। কিন্তু একতার মোড়কে।
কোনো রকম বিতর্কিত মন্তব্যের বদলে বারবার ঐক্যের ডাক দিলেন সংঘ প্রধান। তবে বললেন শুধু হিন্দুধর্মের কথা। হিন্দুধর্মের প্রসারের কথাও এলো তাঁর মুখ থেকে। বিজেপির প্রথম সারির সব নেতাই ছিলেন উপস্থিত। তবু রাজনৈতিক কোনো বার্তা প্রদানের জন্য কমিউনিস্টশাসিত ত্রিপুরায় সংঘের মঞ্চ তিনি ব্যবহার করেননি একটি বারের জন্যও।
শুক্রবার রাতেই আগরতলায় পৌঁছান আরএসএস প্রধান মোহন ভাগবত। সঙ্গে আসেন সংঘের উত্তর পূর্বাঞ্চলীয় কর্তারা। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে আগরতলার অদূরে সংঘের আশ্রমে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।
আগরতলার বিবেকানন্দ স্টেডিয়ামে সমাবেশে লোক টানতে চেষ্টার কসুর করেননি বিজেপি নেতারা। বাঙালি ও উপজাতি অংশের মানুষ ভিড় জমান বিজেপির দেওয়া গাড়িতে চেপে। সেই সভায় মোহন ভাগবত হিন্দু ধর্মের প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তাঁর মতে, হিন্দুধর্ম দুর্বল হলেই ভারত দুর্বল হয়।
ইতিহাসের উদাহরণ টেনে তিনি বোঝাবার চেষ্টা করেন হিন্দুধর্মের মাহাত্ম্য। তিনি বলেন, ‘১৯৪৫ সালেও আফগানিস্তান থেকে পূর্ব পাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল হিন্দুস্থান। হিন্দুদের ঐক্যই পারে দেশকে রক্ষা করতে। দেশের নিরাপত্তার জন্যও হিন্দুদের একতা জরুরি।’
ভগবতের মতে, ভারতের উন্নতির জন্যও চাই হিন্দুদের একতা। একতা বিনা উন্নয়ন বা শান্তি কোনোটাই আসতে পারে না বলেও এদিন মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, একমাত্র হিন্দুধর্মই সত্যের কথা বলে। সত্য প্রতিষ্ঠার জন্য সাধনায় গুরুত্ব দেয়।
হিন্দু মৌলবাদী সংগঠন বলে পরিচিত সংঘ পরিবারের প্রধান ভাগবত বলেন, ‘একমাত্র সুস্থ শরীরই পারে দেহকে অন্যান্য রোগব্যাধির আক্রমণ থেকে রক্ষা করতে। এটা সমাজ জীবনেও প্রযোজ্য। সমাজ দুর্বল হলে নানা রকম ব্যাধির জন্ম নেয়। প্রতিরোধ ক্ষমতা কমে যায়।’
৫০ মিনিটের ভাষণে তিনি দাবি করেন, সমাজের কল্যাণে ১ লাখ ৭০ হাজারের বেশি কর্মসূচি হাতে নিয়েছে আরএসএস। সমাজে স্থায়ী সুফল লাভের জন্য তিনি আরএসএসের গৃহীত কর্মসূচিতে অংশ নেওয়ারও ডাক দেন।