একসঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন নিয়ে বৈঠক

ভারতের কেন্দ্রীয় সরকার নির্বাচনের খরচে রাশ টানতে এবার নির্বাচনী সংস্কারের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় মোদি সরকার চাইছে ভারতের ৩৬ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের রাজ্য বিধানসভা ও লোকসভার নির্বাচন একসঙ্গে করতে। এতে করে নির্বাচনী খরচ কমে যাবে। বারবার বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে খরচ করতে হবে না। লোকবলেরও সাশ্রয় হবে।
এ নিয়ে ২২ জানুয়ারি রাজধানী নয়াদিল্লিতে আইন ও বিচারসংক্রান্ত সংসদীয় কমিটি নির্বাচনী সংস্কার নিয়ে বৈঠকে বসে। এই কমিটির চেয়ারম্যান হলেন বিজেপির রাজ্যসভার আইনপ্রণেতা ভূপেন্দ্র যাদব।
বৈঠকে ভূপেন্দ্র যাদব সদস্যদের এই বলে সমর্থন আদায় করতে চান যে একই সঙ্গে লোকসভা এবং বিভিন্ন রাজ্য বিধানসভার নির্বাচন হলে খরচ কমবে। এমনকি দেশের ভোটাররা একটা নির্দিষ্ট সময়ে লোকসভা ও রাজ্য বিধানসভার নির্বাচনে ভোট দিতে পারবেন। ভোটাররাও একটা নির্দিষ্ট সময়ে ভোট দিতে অভ্যস্ত হবেন। এতে করে সময় বাঁচবে। লোকবলের অভাব থাকবে না, সরকারি কর্মচারীসহ স্কুলের শিক্ষকদের নির্বাচনী কাজে ব্যস্ত রাখতে হবে না, স্কুলের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে না, ফলে কার্যত নির্বাচনী খরচ কমে আসবে। অর্থ ও সময়ের সাশ্রয় হবে।
সরকারি দলের এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেন সভায় উপস্থিত তৃণমূলের দুই সাংসদ সুখেন্দু শেখর রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁরা বলেই দেন, তাঁদের দল নির্বাচনী সংস্কারের নামে একই সঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচনের বিপক্ষে। তাঁদের যুক্তি, এর ফলে জনতার রায়ে গড়া পাঁচ বছরের পুরো মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অকাল ভোটে তাঁরা যেতে নারাজ। তাঁদের প্রস্তাব, খরচ কমাতে অনলাইনে ভোটের ব্যবস্থা করুক সরকার। পাশাপাশি তাঁরা নির্বাচনের খরচের রাশ টানতে প্রয়োজনে নির্বাচন কমিশন সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া বন্ধসহ প্রচারে খরচ কমিয়ে দিক। আর এটা হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের জন্য বাড়তি তহবিল গড়তে হবে না। বন্ধ করা যাবে মাইকের মাধ্যমে সৃষ্টি হওয়া শব্দদূষণও। আর এর ফলে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী প্রচার নিয়ে কমে যাবে সংঘর্ষ, মারামারির ঘটনাও।