একসঙ্গে ১০৪টি উপগ্রহ পাঠিয়ে রেকর্ড ভারতের
ভারত একটি একক মিশনে একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে রেকর্ড গড়েছে। এর আগে ২০১৪ সালে রাশিয়া একসঙ্গে ৩৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, পূর্ব ভারতের শ্রীহারিকোতা মহাকাশ কেন্দ্রে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। পর্যবেক্ষকদের মতে, এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে মহাকাশবিষয়ক বিলিয়ন বিলিয়ন ডলারের বাজারে অন্যতম প্রধান শক্তিশালী দেশ হিসেবে ভারত আবির্ভূত হতে যাচ্ছে।
আজ বুধবার সকাল ৯টা ২৮ মিনিটে ১০৪টি স্যাটেলাইট বহনকারী রকেট ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (পিএসএলভি)-সি৩৭ শ্রীহারিকোতার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
তিনটি ছাড়া বাকি স্যাটেলাইটগুলো অন্যান্য দেশের। বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। বাকিগুলো ইসরায়েল, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের।
মানচিত্র অঙ্কনবিদ্যা-সংক্রান্ত ভারতীয় স্যাটেলাইটটি অত্যন্ত উচ্চ মানসম্পন্ন ছবি তুলতে সক্ষম হবে বলা হচ্ছে। প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও চীনকে পর্যবেক্ষণে এটা ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।