
ভারতের আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী এম ভেঙ্কাইয়া নাইডু গতকাল রোববার সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানকে একহাত নিয়েছেন। প্রতিবেশী দেশটিকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদে সমর্থন দিয়ে পাকিস্তান কিছুই হাসিল করতে পারবে না। কারণ এ ক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ। পাকিস্তানের উচিত ‘একাত্তরে কী হয়েছিল, তা স্মরণ করা।’
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলের’ অঞ্চলভিত্তিক তালিকা প্রকাশ করে। এর মধ্যে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানও। তালিকায় উল্লেখ করা হয়, গত বছরের পুরোটা সময় জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা (এলইটি) এবং জইশ-ই-মুহাম্মদ (জেইএম) পাকিস্তান থেকে প্রশিক্ষণ ও তহবিল পায়। প্রসঙ্গত, গত কয়েক বছরে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে যে কয়টা হামলা হয়েছে, তার কয়েকটি এলইটি এবং জেইএম চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধে নিহত শহীদদের স্মরণে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে নাইডু বলেন, পাকিস্তানের স্মরণ রাখা উচিত, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাশ্মীরের এক ইঞ্চিতেও কারও দখল মেনে নেবে না ভারত।
ভারতকে শান্তিপ্রিয় ও অহিংস রাষ্ট্র উল্লেখ করে ভেঙ্কাইয়া নাইডু আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু তাদেরও একই রকম চাওয়া থাকতে হবে। আমাদের প্রতিবেশীদের বোঝা উচিত যে সন্ত্রাসে অর্থায়ন ও মদদদান কোনো কাজে লাগবে না তাদের।...তাদের স্মরণ করা উচিত ১৯৭১ সালে কী হয়েছিল।’ এ সময় একাত্তরের প্রসঙ্গ টেনে নাইডু বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় দেশটির পক্ষে লড়াইয়ে অংশ নিয়ে ভারত উপযুক্ত জবাব দিয়েছিল পাকিস্তানকে।